২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিক বেলাল হত্যা মামলার বিচার কাজ বাধাগ্রস্ত করছে প্রভাবশালী মহল’

সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করছে প্রভাবশালী একটি মহল। তারা অর্থ ও প্রভাব খাটিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

হত্যাকান্ডের সাথে জড়িত ষড়যন্ত্রকারী, মদদদাতা বা খুনী- কেউই আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিক বেলাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বেলালের ছোট ভাই মো. শামসুদ্দীন দোহা।

তিনি বলেন, সাংবাদিক বেলাল হত্যাকান্ডের বিস্ফোরক অংশের দায়সারা চার্জশীট দাখিল করা হয়েছে।

খুলনা মহানগরীতে অতীতে নিহত সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, হারুন-অর-রশীদ খোকন হত্যার যথাযথ বিচার হয়নি। বেলাল হত্যা মামলাটিও ফাইলবন্দী হয়ে পড়তে পারে বলে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

বেলাল হত্যাকান্ডের সাথে জড়িত খুনীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত বেলালের পিতা শেখ মোদাচ্ছের আলী, মাতা মোসাম্মৎ মন্নুজাননেছা, স্ত্রী তানজিলা বেগম, ভাই শেখ বোরহান উদ্দিন ও শেখ কুতুবউদ্দিন রব্বানী।