জাবি'তে বাসের হেলপার কর্তৃক ছাত্র লাঞ্ছিত, বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি ভাংচুর করেছে
বাসের হেলপারের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিক্ষুব্ধ ছাত্ররা চার পাঁচটি বাস ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকাশ ডেইরি ফার্মগেট থেকে নবীনগরগামী ডি লিংক বাসে উঠলে হেলপারের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসের হেলপার তাকে ধাক্কা মেরে ফেলে দিলে আকাশের কপাল ফেটে যায় এবং হাতে ও পায়ে প্রচন্ড আঘাত পায়।
আকাশের নির্যাতনের ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় এবং চার পাঁচটি গাড়ি ভাংচুর করে। ছাত্ররা এসময় সড়ক অবরোধ না করলেও প্রায় দশ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।
সাভার পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে প্রক্টর মো. মাফরুহী সাত্তার টিটু বলেন, বাসের মালিক আকাশের চিকিৎসার ব্যয়ভার বহন করবে এবং হেলপারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
