ফারাক্কা দিবস পালিত
ভারতের প্রস্তাবিত নদী সংযোগ মহাপরিকল্পনা বাতিলের জোর দাবি জানিয়ে সোমবার পালিত হয়েছে ২৯তম ফারাক্কা দিবস।
এ উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ভারত নদী সংযোগের ওই মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা, এর অর্থনীতি ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত অভিন্ন নদীর পানি বন্টণ বন্ধ করে দেয়ার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়ে বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রীদের ওই পরিকল্পনা বাস্তবায়নের ফলে সৃষ্ট সমস্যা পর্যালোচনা করে দেখার এবং ভারতকে তা বাস্তবায়ন না করার জন্য চাপ সৃষ্টির আহ্বান জানান।
ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের ২৯তম বার্ষিকীতে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এ সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশের ওপর ফারাক্কা বাঁধের দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রভাব আলোচনা করে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের প্রায় ৩০ মিলিয়ন (৩ কোটি) লোক অর্থনৈতিক ও পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তারা আরও বলেন, পানি সংকটের কারণে এ অঞ্চলের এক চতুর্থাংশ উর্বর কৃষি জমি পতিত জমিতে পরিণত হয়েছে। এর ফলে কৃষি, মৎস্য, নৌ চলাচল ও শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের আর্থিক ক্ষতি হচ্ছে বার্ষিক অর্ধ বিলিয়ন ডলারেরও বেশি।
এ বিষয়টি দক্ষতার সাথে মোকাবেলা করতে না পারায় বক্তারা সরকারকে দোষারোপ করেন। একই সাথে তারা এর সমাধানের জন্য বহুপাক্ষিক আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সফররত চায়না ইকনোমিক টাইমস’র সাংবাদিক ওয়াং নিং এবং স্থানীয় জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ।
১৯৭৬ সালের এই দিনে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য মরহুম জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে হাজার হাজার জনতা ভারতের ফারাক্কা বাঁধ সংলগ্ন জেলা চাপাইনবাবগঞ্জের দিকে লং মার্চ করে।
আন্তর্জাতিক আইন ও অভিন্ন নদীর ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য পাওনা উপেক্ষা করে ভারত ১৯৬৪ সালে পশ্চিবঙ্গের গঙ্গা নদীর উপর ২,২৪৫ মিটার ফারাক্কা বাঁধ নির্মাণ করে। উল্লেখ্য, উত্তরাঞ্চলের লাখ লাখ কৃষি নির্ভর জনগণের কৃষিকাজের প্রধান ভরসা ছিল এই গঙ্গা নদীর পানি।
