২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আগাম সতর্কতা ব্যবস্থা অত্যন্ত দুর্বল: পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে আগাম সতর্কতা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উন্মুক্ত ওয়েব সাইটের মাধ্যমে প্রতিবেশী ভারতসহ সকলে তথ্য সরবরাহ করলে, তা বন্যাসহ দুর্যোগের কবল থেকে দেশবাসীর জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 03:18 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সোমবার পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন ওয়েব সাইট উদ্বোধনকালে তিনি একথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী ওয়েব সাইটের উদ্বোধন করে আরও বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় ওয়েব সাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তির মহাসড়কে প্রবেশ করল। এর মাধ্যমে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলো জনগণের সেবায় আরও দক্ষতার ছাপ রাখবে।

তিনি বলেন, কৃষি নির্ভর এদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে পানি সম্পদ মন্ত্রণালয় সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে। এ ছাড়াও নদী ভাঙ্গন রোধসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে সমস্ত কর্মকান্ড মন্ত্রণালয় পরিচালনা করে, সে সম্পর্কেও সমস্ত তথ্য থাকবে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম, নদী গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক মো: আব্দুল আজিজসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

নতুন এ ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে : www.mowr.gov.bd।

এ ওয়েব সাইটের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল অফিসের পানি সংক্রান্ত সকল বিষয় জানা যাবে। এতে প্রাথমিকভাবে জাতীয় পানি নীতির আলোকে মন্ত্রণালয়ের দায়িত্বাবলী, এলোকেশন অব বিজনেস অনুসারে মন্ত্রণালয়ের কার্যাবলীর ওপর সংক্ষিপ্ত বিবরন দেওয়া হয়েছে।