সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ নিহত ৪ আহত ১২
রাজধানীর বাইরে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, রোববার বেলা ১২ টায় শহরের চরপাড়া সংলগ্ন বাঘমারা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে দ্রুতগামী একটি ট্রাকের (ঢাকা-ট-৫৭২) চাপায় রিক্সা আরোহী মা আমেনা (৩০) ও মেয়ে আরিফা (৩) নিহত হয়। এ সময় ট্রাকের ধাক্কায় আমেনার বৃদ্ধ পিতা জাহেদ গুরুতর আহত হন।
কোতোয়ালী থানা পুলিশ পাটগুদামস্ত ব্রহ্মপুত্র ব্রীজ মোড়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, রোববার বিকেলে জয়পুরহাট সড়কের গতনশহর নামক স্থানে ঘাতক ট্রাকের চাপায় ভ্যানযাত্রী এক রোগিনীর মর্মান্তিক মৃত্যু হয়। এসময় তার স্বামীও মারাত্মক আহত হয়।
ঘোড়াঘাট উপজেলার বদলগাড়ী গ্রামের ইদ্রিস আলী তার অসুস্থ স্ত্রী মোসলেমাকে (৩৫) নিয়ে জয়পুরহাট হাসপাতালে যাওয়ার পথে দ্রুতগ্রামী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা তিনঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি।
আমাদের ভোলা প্রতিনিধির পঠানো খবরে জানা যায়, চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে রোববার সকাল সাড়ে দশটায় চরফ্যাশন থেকে ভোলা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাজারে অবস্থানরত রিক্সাকে ধাক্কা দিলে রিক্সা চালক আব্বাস (১৫) নিহত হয়। এ সময়ে বাসের ধাক্কায় ১০ জন পথচারিও আহত হয়।
আহতদের মধ্যে ৬ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ভোলা-চরফ্যাশন সড়ক একঘন্টা অবরোধ করে রাখে।
