বাগেরহাটে বাণিজ্য মেলার সার্কাস প্যাণ্ডেলে বোমা বিস্ফোরণ: আহত ২
বাগেরহাটে শিল্প ও বণিক সমিতি আয়োজিত বাণিজ্য মেলায় শনিবার গভীর রাতে এক বোমা বিস্ফোরণে অন্তত দুই ব্যাক্তি আহত হয়েছে।
বাগেরহাট স্টেডিয়ামে মেলাস্থলে ‘দি রয়েল বেঙ্গল সার্কাস’ এর শো চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শাহিদা বেগমকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ওই রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে চার যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বিস্ফোরিত দ্রব্য দুটি টেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটায় তৈরি ককটেল। বাগেরহাট গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মেলায় সার্কাস শো এবং হাউজি খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বাগেরহাট থানার দারোগা আল মোর্শেদ বাদি হয়ে একটি মামলা করেছেন।
মেলা আয়োজক, প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ বাগেরহাট স্টেডিয়ামের উত্তর দিকের সার্কাস প্যাণ্ডেলে বিকট শব্দে পর পর বোমা দুটি বিস্ফোরিত হয়। একটি বোমা মেয়েদের নির্ধারিত আসন এলাকায় এবং অপরটি উত্তরমুখী গ্যালারিতে বিস্ফোরিত হয়।
এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার বলেন, পুলিশ কিছু তথ্য পেয়েছে। সে তথ্যের ভিত্তিতেই তদন্ত চলছে।
