কুয়েত দূতাবাসে হামলার হোতারা চিহ্নিত
এপ্রিলের ২৪ তারিখে কুয়েতের বাংলাদেশী দূতাবাসে হামলার পরিকল্পনাকারী ও হামলার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, আমরা হামলা পরিচালনাকারীদের সনাক্ত
করেছি।
তিনি বলেন, হামলার পর এখন পর্যন্ত ৮ থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের নিজস্ব তদন্ত ছাড়াও কুয়েত সরকার বিষয়টি তদন্ত করছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এপ্রিলের ২৬ তারিখে ওই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আদেশ দিয়েছিলেন। ঘটনার তদন্তে ঢাকা ইতোমধ্যেই কুয়েতে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল পাঠিয়েছে। তারা বর্তমানে কুয়েতে অবস্থান করছে।
এপ্রিলের ২৪ তারিখে সাতশ’র বেশি বাংলাদেশী শ্রমিক কুয়েত সিটির দক্ষিণে সুরাহ এলাকায় অবস্থিত বাংলাদেশী দূতবাসে হামলা চালায় এবং আসবাবপত্র ও মূল্যবান সামগ্রীর ভাংচুর করে।
দূতাবাসের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান জানান, ওই সময়ে দূতাবাস পরিদর্শনে আসা দুই বাংলাদেশী নাগরিকের ওপরও তারা হামলা চালায়।
