জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সরকারের প্রতি হাইকোর্টের রুল
মানবাধিকার রক্ষার্থে সরকার কেনো একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠনে উদ্যোগী হবে না সে ব্যাপারে জবাব চেয়ে শনিবার হাইকোর্ট সরকারকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেছে।
বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে নিযে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ শনিবার এ আদেশ জারি করেন।
সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীর দায়ের করা একটি রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট এ আদেশ জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোমেন চৌধুরী, অ্যাড. কেএম জাবির এবং অ্যাড. জাহরুল ইসলাম মানবাধিকার কমিশন গঠনে সরকারের তৎপরতার ব্যাপারে একটি রিট আবেদন দায়ের করেন।
তাদের আবেদনে বলা হয়, দুর্নীতি দমন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একটি মানবাধিকার কমিশন গঠন অপরিহার্য।
আবেদনে বলা হয়, ১৯৪৮ সালে জাতিসংঘ সমন্বিত মানবাধিকার কমিশনের ঘোষণা দেয় এবং তখন ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার কমিশন গঠন করে।
তাদের আবেদনে আরও বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশগুলো মানবাধিকার কমিশন গঠন করেছে এবং ওই কমিশনগুলো বিভিন্ন বিষয়ে তাদের কার্যক্রম শুরু করেছে।
আবেদনে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মানবাধিকার লঙ্ঘন করছে মানবাধিকার কমিশন গঠনের মাধ্যমে তাদের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।
আবেদনের পক্ষে আবেদনকারী আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
