২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্র-গ্রামবাসী সংঘর্ষে আহত ৩০

বাদুড় তাড়াতে লিচু গাছে ঘন্টা বাজানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে ধরমপুর এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

আহতদের মধ্যে ফয়সাল (২১) ও মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাজু ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র বিপুলকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির লিচু গাছে বাদুর তাড়ানোর জন্য ঘন্টা বজানো হলে পাশের ছাত্রাবাস থেকে ফয়সাল এর প্রতিবাদ জানায়। এরপর রাতে এ বিষয়ে সালিশ বসানো হয়। সেখানে গ্রামবাসী ফয়সালের ওপর চড়াও হয়।

গ্রামবাসীর আক্রমণে ফয়সাল আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পৌঁছলে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এসময় গ্রামবাসীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ শুরু হয়।

উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেলে আহত প্রায় ৩০ জনের মধ্যে ছাত্রদের সংখ্যাই বেশি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।