শিবির নেতা হত্যার দায়ে ২ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন
ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রশিবির নেতা রফিকুল ইসলামকে হত্যার দায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শনিবার এক রায়ে দু জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
আদালত শৈলকুপা উপজেলার শেখপাড়ার লিটন জোয়াদ্দার, কবিরপুরের সাইফুল ইসলাম পটলকে মৃত্যুদণ্ড এবং হরিহরা গ্রামের আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৬ জুন ইসলামি বিশ্ববিদ্যালয় চত্তরে দু দল ছাত্রের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ জুন দুপুরে আসামিরা কাটা রাইফেল, পাইপগান ও লাঠিসোঁটা নিয়ে রফিকুলের ওপর হামলা চালায়। হামলাকরীরা তার মাথায় আঘাত করে। আহত রফিকুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে সে মারা যায়। রফিকুল সাতক্ষীরার আসাসনি উপজেলার লাঙ্গলবাড়িয়া গ্রামের মাওলানা সাইদুর রহমানের ছেলে।
এ ঘটনায় তার বন্ধু ইবির ছাত্র ও শিবির নেতা জিল্লুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করে।
পুলিশ তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। আদালত তাদের তিনজনকে সাজা প্রদান করেন।
মামলার রায়ের পর ছাত্রশিবির পলাতক আসামিদের গ্রেফতার এবং দ্রুত রায় কার্যকর করার দাবিতে সমাবেশ করে।
