২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার মে দিবস, প্রাধান্য পাচ্ছে শ্রমিকের নিরাপত্তা ইস্যু

শ্রমিকের নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে রোববার বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হতে যাচ্ছে ঐতিহাসিক মে দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তাহীনতা, ন্যূনতম মজুরির বিধান না থাকা, শ্রম অধিকার লংঘনের অজস্র দৃষ্টান্ত এবং বিপুল বেকার সমস্যার পটভূমিতে এবার দেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে।

এবারের মে দিবসের মূল প্রতিপাদ্য- ‘শ্রমিক মালিক সম্প্রীতি: উৎপাদনই উন্নতি’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় সংসদে বিরোদী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি সরকারি ছুটির দিন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে।

১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক আট ঘন্টা কাজের দাবি ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের মহান আত্মত্যাগ স্মরণে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে।

ঐতিহাসিক এই দিনটি পালন উপলক্ষ্যে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, ‘শ্রমিকের নিরাপত্তা’র বিষয়টিকে তারা এবারের মে দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয় হিসেবে বেছে নিয়েছেন। সাভারে নয় তলা গার্মেন্টস ভবন ধসে বহু শ্রমিকের প্রাণহানি, নিখোঁজ এবং আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই তারা এ বিষয়টি নির্বাচন করেন।

বিশিষ্ট শ্রমিকনেতা ও রাজনীতিবিদ শাহ মোহাম্মদ আবু জাফর বিডিনিউজকে বলেন, সাভারে শ্রমিকের রক্ত ঝরানোর মধ্য দিয়ে মে দিবসের ইতিহাস আবারও রক্তের অক্ষরে লেখা হল। এবারের মে দিবসে শ্রমিকের নিরপাত্তার বিষয়ে শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ মে দিবস উপলক্ষ্যে প্রচারিত পোস্টারেও শ্রমিকের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। তাদের পোস্টারের মূল বক্তব্য, ‘আর কোনও কারখানা শ্রমিক যেন লাশ না হয়।’

এদিকে সাভারে স্পেকট্রাম গার্মেন্টসে ঘটে যাওয়া নির্মম ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে দেশের অধিকাংশ ট্রেড ইউনিয়ন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতি শনিবার প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারী প্রখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা সৈয়দ সুলতান আহমেদ বিডিনিউজকে বলেন, সাভারের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে আমাদের এখনই সতর্ক হতে হবে। আমাদের অবহেলার কারণেই বহু শ্রমজীবী মানুষের প্রাণহানি ঘটতে পারে।

সংবাদপত্র ভিত্তিক একটি জরিপে বলা হয়েছে, প্রতিবছর গড়ে দু শ শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। নির্মাণ, গার্মেন্টস, চাল কল, জাহাজ ভাঙ্গা শ্রমিকরা এসব দুর্ঘটনার প্রধান শিকার।

গত ২০০৪ সালে এ ধরনের একশ ২৭টি দুর্ঘটনায় একশ ৮৮ জন শ্রমিক নিহত ও দু শ ৫৯ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। এর আগের বছরেই দু শ আটটি দুর্ঘটনায় নিহত দু শ ৫১ ও আহতের সংখ্যা ছিল চারশ ৫৭। ২০০২ সালে দুর্ঘটনায় নিহত হয় একশ ৬৮ ও আহত হয় তিনশ ৮৯ জন।

১৯৬৫ ও ১৯৭৯ সালের বাংলাদেশ ফ্যাক্টরি আইনই পেশাগতভাবে শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে প্রধান আইন। এছাড়া এ সম্পর্কে আরও বেশ কিছু আইন ও বিধিমালা রয়েছে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের সভাপতি নুরুল ইসলাম জানান, এ আইনগুলো সঠিক ভাবে পালন হয় না বলেই এ ধরনের দুর্ঘটনা বার বার ঘটে থাকে। তিনি বলেন, আইন অমান্যকারী এসব অপরাধীর শাস্তিবিধানে সরকার ও ট্রেড ইউনিয়নগুলো এক সাথে কাজ করতে পারে।

এখন পর্যন্ত বাংলাদেশ আইএলও সনদের ৩২টি ধারায় সাক্ষর করেছে। আইলওর সি ১৫৫ ও সি ১৬১ ধারা দুটিতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ব্যাপারে উল্লেখ রয়েছে। অবশ্য এই দুটি ধারায় বাংলাদেশ এখনও স্বাক্ষর করেনি।

নুরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে যে আইনগুলো রয়েছে তার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সুবিধা ও নিরাপত্তা অনেকটাই বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে।