বিআইটি স্কুলের অধ্যক্ষা ও প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, শাস্তির দাবি
বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালের (বিআইটি) শিক্ষার্থীদের অভিভাবকগণ স্কুলের অধ্যক্ষা লুবনা চৌধুরী ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে তাদের বিচার ও শাস্তির দাবি করেছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিআইটি গার্ডিয়ান ফোরামের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
স্কুল কর্তৃপক্ষের অব্যাহত দুর্নীতি, আদালত অবমাননা, নিরপরাধ শিশু ছাত্র আশরাফুলের সাথে নিষ্ঠুর আচরণের প্রতিবাদে এর আয়োজন করা হয়।
এতে ফোরামের সদস্য সচিব রওশন আলম মিলকি লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন বিআইটি ফোরামের আহ্বায়ক রিনা রহমান ও অ্যাডভোকেট রকিবুল হক রিপন প্রমুখ।
শিশু ছাত্র আশরাফুল আলম মিল্কী তার প্রতি অধ্যক্ষা ও প্রধান শিক্ষকের অমানবিক আচরণের কথা তুলে ধরে।
এতে গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে স্কুলের শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ, শিক্ষা জীবনের নিরাপত্তা নিশ্চিত, বহিস্কৃত শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে নেওয়া, আদালত অবমাননার বিষয়টির যথাযথ ও পূর্ণ তদন্ত করে স্কুল কর্তৃপক্ষকে প্রচলিত নিয়মানুযায়ী শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
তারা অভিভাবকদের প্রতি কর্র্তৃপক্ষের দুর্ব্যবহার বন্ধ করারও দাবি জানান।
তারা বলেন, স্কুল কর্তৃপক্ষ লণ্ডন কারিকুলাম বোর্ডের নিয়ম মানার কথা থাকলেও তারা তা মানছেনা।
