মার্কিন জাহাজ টাইকো সাবমেরিন কেবল স্থাপনের কাজ শুরু করেছে
মার্কিন জাহাজ টাইকো রেসকিউ ডিউরেবল বঙ্গোপসাগরের সমুদ্রতলে সাবমেরিন কেবল স্থাপনের কাজ শুক্রবার দিনের প্রথমভাগে শুরু করেছে।
গত বৃহস্পতিবর কক্সবাজার এসে পৌঁছায় টাইকো। সমুদ্রতট থেকে ১৫ কিলোমিটার দূরে জাহাজটি নোঙ্গর করা ছিলো। সিসকো-১২ যেখানে তার ক্যাবল স্থাপনের কাজ শেষে করেছে ঠিক সেখান থেকেই ৫০০ কিলোমিটার ক্যাবল স্থাপনের কাজ শুরু করেছে টাইকো। লক্ষ্য উপসাগরের সিঙ্গাপুর-ফ্রান্স গামী ক্যবলের সাথে সংযোগ স্থাপন।
কোরিয়ান কোম্পানি অর্টোনিক্স এর বার্জ সুইসকো-১২ সমুদ্র তট থেকে ২৮ কিলো মিটার পর্যন্ত ক্যাবল স্থাপনের কথা ছিলো। কিন্তু অশান্ত সমুদ্রের কারণে সাড়ে চৌদ্দ কিলোমিটার ক্যাবল স্থাপনের পর তা বন্ধ করে দেয়।
সাব কন্ট্রাক্টর হিসেবে মার্কিন কোম্পানি টাইকো শুক্রবারের মধ্যে ১ কিলোমিটার ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, টাইকো ডিউরেবল যেকোন খারাপ আবহাওয়ার মধ্যেও সমুদ্রে তাদের কাজ চালিয়ে নিতে পারে।
আধুনিক সরঞ্জামে সজ্জিত এ জাহাজে যুক্তরাষ্ট্র, নিউজিল্যাণ্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার ৭০ জনেরও বেশী বিশেষজ্ঞ রয়েছেন। এছাড়া রয়েছে একটি শক্তিশালী রোবোট ‘গ্যাটর’।
টাইকো যেখান থেকে ক্যাবল স্থাপনের কাজ শুরু করেছে সেখানে পানির গভীরতা ৫০ ফুট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোবোটটি সমুদ্র তলদেশে গড়ে দশমিক ৮ মিটার গভীরে মাটি কেটে ক্যাবল স্থাপন করবে।
এদিকে, প্রকল্পের মূল কন্ট্রাক্টর জাপানি টেলিকম কোম্পানি ফুজিৎসু বাংলাদেশ অংশে মোট ১ হাজার দুইশ’ ৬০ কিলোমিটার ব্র্যাঞ্চ রুটে বাকি অংশে ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন করবে। এর মাধ্যমে একটি ‘টি জয়েন্ট’ প্রক্রিয়ায় ২২ হাজার কিলোমিটার ট্রাঙ্ক রুট এর সাথে সংযোগ স্থাপিত হবে।
সাবমেরিন ক্যাবল স্থাপন ও সংশ্লিষ্ট সরঞ্জমাদি স্থাপনের কাজ সম্পন্ন হলে বাংলাদেশ প্রতি সেকেণ্ডে ১০ গিগাবাইট ডাটা ট্রান্সফারের সুযোগ পাবে যা বর্তমান ক্ষমতার ৬৮ গুণ বেশি।
পুরো কাজটি চলতি বছরের অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এর ফলে আরো অধিক গতিসম্পন্ন এবং স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে স্থানীয় ব্যবহারকারীরা।
