সাতক্ষীরায় খতমে নবুওয়ত নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় সমাবেশ
ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট সাতক্ষীরায় তাদের নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেছেন, খতমে নবুওয়তের একজন কর্মীকে গ্রেফতার করা হলে সারা দেশ অচল করে দেয়া হবে।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মওলানা আবু জাফর কাশেমী, মহাসচিব আলহাজ্জ মোহাম্মদ নাজমুল হক, মওলানা মনসুরুল হক, মুফতি আবদুর রহিম কাশেমী, মওলানা আবুল কাশেম, মুফতি আবদুর রাজ্জাক প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সাতক্ষীরায় খতমে নবুওয়াত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে বলেন, অন্যথায় উদ্ভুদ পরিস্থিতির জন্যে বর্তমান সরকার দায়ী থাকবে।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরার শ্যামনগরে হাজার হাজার নবী প্রেমিক মানুষ শান্তিপূর্ণভাবে কাদিয়ানি আস্তানা ঘেরাও করার পর আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সমাবেশে সাংবাদিকদের তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকতার নীতি অক্ষুন্ন রাখুন, নতুবা জাতি আপনাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
