দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে আদিবাসীরা উপেক্ষিত হওয়ায় নেতারা ক্ষুব্ধ
সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে (পিআরএসপি) দেশের ৪৫টি আদিবাসী গোষ্ঠির প্রায় ২৫ হাজার মানুষ উপেক্ষিত হওয়ায় আদিবাসী নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার আইডিবি ভবনে পিআরএসপি বিষয়ক এক দিনব্যাপী সভায় আদিবাসী নেতারা এই ক্ষোভ প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আহমেদ সিদ্দিকী, পিআরএসপির প্রধান উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশ থেকে ৩৭ জন আদিবাসী নেতা যোগ দেন।
এ বিষয়ে জাতীয় আদিবাসী পরিষদের নেতা ও বিশিষ্ট আদিবাসী লেখক সঞ্জিব দ্রং বিডিনিউজকে বলেন, পিআরএসপির খসড়ায় আদিবাসীদের বিষয়ে তেমন কিছুই বলা হয়নি। এতে আদিবাসীদের ভূমির অধিকার সংরক্ষণ করার কথা বলা হলেও কিভাবে এই অধিকার সংরক্ষণ করা হবে, তা বলা হয়নি। এই খসড়া আদিবাসীরা কোনোভাবেই মেনে নিতে পারে না।
সঞ্জিব দ্রং বলেন, আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত জানিয়েছি, আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া আদৌ দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়।
তিনি জানান, আদিবাসীদের সাংবাধিক স্বীকৃতি প্রদান, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য জাতীয় আদিবাসী কাউন্সিল গঠন, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের মতো সমতলের আদিবাসীদের জন্য প্রশাসনিক ব্যবস্থা গঠন করার প্রস্তাবনা পিআরএসপির সভায় উত্থাপন করা হয়েছে।
সভা সূত্র জানায়, এতে পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা গৌতম কুমার চাকমা, রূপায়ন দেওয়ান, মঙ্গল কুমার চাকমা, কেএস মং, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, জাতীয় আদিবাসী পরিষদের অনিল মারাণ্ডি, রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উচিং মং প্রমুখ নেতা যোগ দেন।
জানা যায়, পার্বত্য আঞ্চলিক পরিষদের নেতারা সভায় লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন। এরমধ্যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, প্রশাসন ক্যাডার ও সেনা বাহিনীর প্রশিক্ষণে আদিবাসীদের সম্পর্কে সম্যক ধারণা দেওয়া, নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন উত্তরণ’ বন্ধ, পাহাড়ে ইকো পার্ক ও সামাজিক বনায়ন বন্ধ, বেআইনী ভূমির বন্দোবস্ত বাতিল, ভূমি কমিশনকে কার্যকর করাÑইত্যাদি রয়েছে।
তারা বলেন, এ সব দাবি পূরণ করা ছাড়া কোনোভাবেই পাহাড়ে উন্নয়ন বা দারিদ্র্য বিমোচন আশা করা যায় না।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী আদিবাসী নেতাদের মতামত শুনে অভিমত ব্যক্ত করেন, ভূমির অধিকারই আদিবাসীদের প্রাণের দাবি। ভূমি থেকে আদিবাসীরা উৎখাত হয়ে গেলে, তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।
