২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাইনপুকুর সিরামিকসের ৬৬ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করছে বেক্সিমকো

শাইনপুকুর সিরামিকসের ৬৬ কোটি ৬ লাখ টাকা মূল্যমানের শতভাগ শেয়ার অধিগ্রহণ অনুমোদন করেছে বেক্সিমকো লিমিটেড। বৃহস্পতিবার বেক্সিমকোর বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শাইনপুকুর সিরামিকসের শেয়ার অধিগ্রহণ ও একীভূতকরণের লক্ষ্যে এ সভায় বেক্সিমকোর অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বেক্সিমকো লিমিটেডের প্রতিটি শেয়ারের বিপরীতে শাইনপুকুর সিরামিকসের তিনটি শেয়ার হিসাব করে একীভূত মূলধন আরো ২২ কোটি ২ লাখ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। তবে মূলধন বাড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন প্রয়োজন।

সভায় গত ২০০৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের নগদে ১০ শতাংশ ও বোনাস শেয়ারে আরো ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেওয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান এ. এস. এফ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, পরিচালকদের মধ্যে ইকবাল আহমেদ, এম এ কাশেম, ও কে চৌধুরী, ড. আবদুল আলীম খান, এ. বি. এস. রহমান, আইন উপদেষ্টা রফিকুল হক, কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

শাইনপুকুর সিরামিকস ৫০০ কোটি টাকার অনুমোদিত মূলধন ও ৬৬ কোটি ৬ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে গাজীপুরের কাশিমপুরের সারাবোতে ১৯৯৭ সালের ২৬ জানুয়ারি যাত্রা শুরু করে। আর ১৯৯৯ সালের এপ্রিল মাস থেকে পোরসিলিন টেবিলওয়্যার এবং একই বছরের নভেম্বরে বোন চায়না টেবিলওয়্যার উৎপাদনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ কোম্পানিতে ২ হাজার ১২৭ জন জনবল রয়েছে। ২০০৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১০৩ কোটি টাকার লেনদেন করে। এ সময়ে কোম্পানির নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৬৬ কোটি টাকা।

শাইনপুকুরের প্রতি ৩টি শেয়ারের বিপরীতে বেক্সিমকো লিমিটেডের ১টি করে শেয়ারের একীভূতকরণের বিষয়টি মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়াং ইন্টারন্যাশনাল ইনকরপোরেশনের সহযোগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সংস্থা এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানি।

এর আগে গত মঙ্গলবার শাইনপুকুর সিরামিকসের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা বেক্সিমকো লিমেটেডে এ কোম্পানির অধিগ্রহণ ও একীভূত হওয়ার বিষয়টি অনুমোদন করে।