সামাদ আজাদ শেষ রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন সিলেটে
গত সাড়ে তিন বছরের শাসনামলে জোট সরকার দেশকে ছারখার করে দিয়েছে।
দেশ আজ অরক্ষিত। সরকার অনেকটা একঘরে। তারা সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন। দেশে আইনের শাসন বলতে কিছু নেই ... সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।”
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ গত ১৯ ফেব্র“য়ারি সিলেট নগরীর সিটি পয়েন্টে তার জীবনের শেষ রাজনৈতিক জনসভায় ভাষণ দানকালে এসব কথা বলেন।
ওই জনসভা থেকেই ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে সামাদ আজাদকে ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
গত দশ সপ্তাহ ধরে আব্দুস সামাদ আজাদ কিডনি ও যকৃতের অসুখে ভুগে বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবনের শেষ জনসভায় তিনি জোট সরকারকে দুর্নীতি, সন্ত্রাস এবং বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সমালোচনা করেন। বক্তৃতায় তিনি দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতনেরও প্রতিবাদ করেন। তিনি আরও বলেছিলেন সরকার হাই কোর্ট ও সুপ্রীম কোর্ট পর্যন্ত দলীয়করণ করেছে।
এছাড়া ওই জনসভায় তিনি সরকারের নতজানু পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেছিলেন। বক্তব্যে তিনি টিপাইমুখে জলাধার নির্মাণসহ অন্যান্য সমস্যা দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করার দাবি তুলেছিলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে আয়োজিত ওই জনসভায় দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, উপদেষ্টামন্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজী এমপি, সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুর এবং শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ বক্তব্য রাখেন।
