২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ হারিয়েছে জাতীয় বিবেকের প্রতিনিধিকে: শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো এক শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান এবং জাতীয় বিবেকের প্রতিনিধিকে, ব্যক্তিগতভাবে আমি হারালাম আমার অভিভাবকসম এক দূরদর্শী বিশ্বাসভাজন সহকর্মীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এক বিবৃতিতে তিনি আরও বলেন, মহীরুহসম এই মহান নেতার মৃত্যুতে একদিকে যেমন একটি যুগের অবসান হলো, তেমনি জাতীয় রাজনীতিতে সৃষ্টি হলো অপূরণীয় শূন্যতা। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাঙালির জাতীয় আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা আব্দুস সামাদ আজাদের অবিস্মরনীয় অবদান ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে।

শেখ হাসিনা বলেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন চল্লিশ ও পঞ্চাশের সেই সাহসী যোদ্ধা যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর হিসেবে ভাষা আন্দোলন, আওয়ামী লীগ গঠন, পূর্ব বাংলার স্বায়ত্বশাসন, বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, ৬ দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার। লড়াই-সংগ্রামের অকুতোভয় এই মহান নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বত্ব সহচর। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিদ্ধুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন এবং জাতির জনকের দিক নির্দেশনায় দেশের পররাষ্ট্র নীতির ভিত্তি স্থাপনেও সামাদ আজাদের রয়েছে অনন্য অবদান।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর সূচিত প্রতিক্রিয়ার ধারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ধারার পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার সংগ্রামে তিনি পালন করেছেন অগ্রনী ভূমিকা। একজন বিচক্ষন পার্লামেন্টারিয়ান হিসেবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং সংসদীয় গণতন্ত্রকে অর্থবহ করে তোলার ক্ষেত্রে তিনি অর্জন করেছিলেন দলমত নির্বিশেষে সকল মহলের আস্থা ও শ্রদ্ধা।