বনগাঁওয়ে পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কারাগার নির্মাণ করবে
পশ্চিমবঙ্গের সরকার বনগাঁও সীমান্তে গ্রেপ্তারকৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য একটি বিশেষ কারাগার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কারাগার সংক্রান্ত মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীকে বনগাঁওয়ে কারাগার নির্মাণের জন্য স্থান নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
পাঁচ শ কয়েদির ধারণক্ষমতাসম্পন্ন কারাগারটির নির্মাণ খরচ বহন করবে ভারতের কেন্দ্রীয় সরকার।
বিশ্বনাথ চৌধুরী বিডিনিউজকে জানান, চাকরির জন্য আসা বাংলাদেশের নিু মধ্যবিত্ত পরিবারের প্রায় ৫০০ জন অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলে আটক রয়েছে। বনগাঁওয়ে নতুন কারাগার স্থাপিত হলে আটকদের স্থানান্তর করা হবে।
আটক অবৈধ অনুপ্রবেশকারীদের বেশিরভাগই ভারতীয় জেলে করুণ অবস্থায় দিন কাটাচ্ছে।
তিনি অভিযোগ করেন, কারাবরণের সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে উৎসাহী নয়।
কিন্তু কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যদিও এ সব কাজে প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে তবু কারও পরিচয় ও জাতীয়তার বিষয়ে নিশ্চিত না হয়ে বাংলাদেশে প্রেরণ করা সম্ভব হবে না।
তবে তিনি বলেন বাংলাদেশ সরকার এ পর্যন্ত ২০০ জন অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফিরিয়ে নেয়।
