সামাদ আজাদের মৃত্যুতে সিলেটে, সুনামগঞ্জে শোকের ছায়া
আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ও জগন্নাথপুরসহ সিলেটের সর্বত্র এখন শোকের ছায়া।
বুধবার বিকেল ৫টা ৫৫মিনিটে আজাদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলেও সকাল থেকেই তিনি মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে সকাল থেকেই আওয়ামী লীগ কর্মীসহ সাধারণ মানুষ শোকগ্রস্ত হয়ে পড়ে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষন্ন কণ্ঠে বলেন, তার মৃত্যু আমাদের জন্য একটি বড় ক্ষতি। পরে সন্ধ্যায় জেলা ও মহানগর নেতৃবৃন্দ এক জরুরী বৈঠকে বসেন।
