আবদুস সামাদ আজাদ - এর জীবন বৃত্তান্ত
আলহাজ্ব আবদুস সামাদ আজাদ ১৯২৬ সালে ১৫ জানুয়ারী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভুরাখালী গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী মরহুম মোহাম্মদ শরিয়ত উল্লাহ। গ্রামের স্কুলে প্রথমিক শিক্ষা জীবন শেষ করে ১৯৪৩ সালে তিনি সুনামগঞ্জ শহরের সরকারি উচ্চ বিদ্যলয় থেকে মেট্রিক পাস করেন। সিলেটের মুরারী চাঁদ কলেজ থেকে ১৯৪৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ও ইতিহাস শাস্ত্রে পড়াশুনা করেন।
১৯৪০ সালে সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি হিসাবে তিনি ছাত্র রাজনীতিতে প্রথম পদার্পন করেন। ১৯৪৪-৪৮ সালে তিনি সিলেট জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন প্রদেশিক পরিষদে নির্বাচিত হন।
১৯৭০ সালে পাকিস্তান গণ পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জের দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।
বৃটিশ আমলে ইংরেজ শাসন বিরোধী আন্দালনে এবং আসাম অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন সংগ্রামের সাথে ছাত্র অবস্থায় জনাব সামাদ আজাদ জড়িয়ে পড়েন এবং ইংরেজ শাসক কর্তৃক গ্রেফতার হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সক্রিয় ভাবে অংশগ্রহন করতে গিয়ে তিনি পাকিস্তান আমলে প্রথম কারাবরণ করেন। ১৯৫৪ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ৯২(ক) ধারায় তাঁর ওপর হুলিয়া জারি করে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের পুলিশ ধর্মঘটের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তিনি পুনরায় কারারুদ্ধ হন। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারির পর তিনি আবার গ্রেফতার হন এবং চার বছর কারাভোগের পর ১৯৬২ সালে মুক্তিলাভ করেন। ১৯৬৪ সালে পাকিস্তান সরকার কর্তৃক সৃষ্ট ষড়যন্ত্রমুলক সাম্প্রদায়িক দাঙ্গা সাহসিকতার সংগে মোকাবেলা করতে গিয়ে তিনি কারারুদ্ধ হন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর জাতীয় চার নেতার সংগে সামাদ আজাদকেও কারাগারে নিয়ে বন্দী করা হয়। পরে চার নেতাকে হত্যা করা হয়, আর সামরিক আদালতে আবদুস সামাদ আজাদকে ২০ বছর কারাদন্ড দেয়া হয়। কিন্তু ৫ বছর পর রাজনৈতিক আন্দোলনের চাপে তাকে মুিক্ত দেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়ার সামরিক শাসন ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে তিনি ছিলেন প্রথম সারির নেতা।
এর পর ১৯৮২ সাল থেকে জেনারেল এরশাদের সামরিক শাসন ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে তিনি আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনে জনাব আবদুস সামাদ আজাদের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৫৩ সালে সাবেক পূর্ব পাকিস্তানের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ১৯৫৫-৫৭ সালে বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম সম্পাদক, স্বাধীনতা যুদ্ধের সময়ে মুজিবনগরে বাংলাদেশ অস্থায়ী সরকারের রাজনৈতিক উপদেষ্টা এবং ভ্রাম্যমান রাষ্ট্রদূত হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে হাঙ্গেরীর বুদাপেস্টে বিশ্ব শান্তি সন্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
তিনি ১৯৯১ সালে ২৭ ফ্রেব্রুয়ারী নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়ে সংসদের প্রথম অধিবেশনেই তিনি সংসদীয় গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধনী বিল পেশ করেন।
১৯৯৩ সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন ঘনীভূত হয়ে উঠলে তিনি সন্মিলিত বিরোধী দলের সদস্যদের সাথে ১৯৯৪ সালে ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এর পর তিনি সন্মিলিত বিরোধী দলের প্রধান সমন্বয়ক হিসাবে দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রাতষ্ঠার আন্দোলনকে এক অসামান্য সফলতার দিকে নিয়ে যান।
আন্দোলনে জয়লাভের পর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনে তিনি নিজ এলাকা থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন।
১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পান। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য হিসাবেও তিনি প্রথম পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের ডেপুটি লিডারের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনেও তিনি সুনামগঞ্জের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
চার সন্তানের জনক ছিলেন সামাদ আজাদ।
