২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তারা সন্দিহান হলেও ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র ব্যবসার প্রতি আগ্রহ দেখাচ্ছেন রাজনীতিবিদরা

উদ্যোক্তারা ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্রের অর্থনৈতিক উপযোগিতা নিয়ে সন্দিহান হলেও এই ব্যবসার প্রতি আগ্রহ দেখাচ্ছেন রাজনীতিবিদরা। সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ২৩ এপ্রিল ১০ থেক ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র স্থাপন বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবটি পাস হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোক্তা এই জাতীয় কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এবং বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে খোঁজ খবর নিতে শুরু করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, তারা অধিকাংশই রাজনৈতিক ব্যক্তি। আর প্রত্যেকেরই প্রাথমিক লক্ষ্য সরকারের প্রতিষ্ঠানের কাছে বিদ্যুত বিক্রি করা।

তবে সরকারের পক্ষ থেকে বিদ্যুত কেনার গ্যারান্টি না থাকার কারণে বিদ্যুত ঘাটতি মোকাবেলায় এই কর্মসূচি সফল হবে কিনা তা নিয়ে উদ্যোক্তারা সন্দেহ পোষণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের বেঁধে দেয়া দাম বিনিয়োগ বিবেচনায় কম হওয়ার কারণেও বিনিয়োগকারীরা আগ্রহী হবেন না।

বাংলাদেশ এনার্জি কোম্পানিজ এসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন অবশ্য বলেন, নতুন নীতিতে গ্যাস এবং বিদ্যুতের যে দাম বেঁধে দেয়া হয়েছে তাতে বিনিয়োগ করা যাবে। কিন্তু এর জন্য সরকারের পক্ষ থেকে কমপক্ষে ৬০ শতাংশ বিদ্যুত কেনার নিশ্চয়তা দিতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সাড়ে তিন বছরে নতুন বিদ্যুত উৎপাদনে সরকারের ব্যর্থতা ঢাকার এটি একটি ব্যর্থ চেষ্টা। ফল পেতে হলে সরকারের পক্ষ থেকে বিদ্যুত কেনার গ্যারান্টি থাকতে হবে।

পিডিবি‘র একজন সাবেক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, নতুন নীতি শুনতে সহজ হলেও বাস্তবায়ন কিন্তু কঠিন। কেননা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স পাওয়ার শর্ত পুরণ করার জন্য আগ্রহী উদ্যোক্তাকে সর্বাগ্রে ক্রেতার সাথে বিক্রি চুক্তি করতে হবে। আবার যেখানে বিদ্যুত কেন্দ্র করতে চায় সেখানে গ্যাস সরবরাহে দায়িত্বরত পেট্রোবাংলার কোম্পানির সাথে গ্যাস ক্রয় চুক্তি করতে হবে। সর্বপরি কেন্দ্র স্থাপনের জায়গায় পরিবেশগত প্রভাব বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।

বিদ্যুত খাতের অভিজ্ঞরা বলছেন, বর্তমান বিনিয়োগের বিবেচনায় ক্ষুুদ্র এই বিদ্যুত কেন্দ্রগুলোকে আর্থিকভাবে লাভজনক করতে হলে প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুতের সর্বনিম্ন দাম হতে হবে সাড়ে তিন সেন্ট। কিন্তু সরকারের নীতিতে ধরা হয়েছে ২ দশমিক ৭৩ সেন্ট।

একজন জার্মান বিশেষজ্ঞ বলেন, ইউরোপীয় মানের ১২ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের খরচ অনুযায়ী প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুতের দাম দাঁড়াবে ৩ দশমিক ৩০ মার্কিন সেন্ট। এই হিসেবে গ্যাসের দাম ১ দশমিক ২ ডলার (পিডিবি‘র বর্তমান রেট প্রতি হাজার ঘনফুট ৭২ টাকা ৪৫ পয়সা) ধরে বিবেচনা করলে প্রতি কিলোওয়াট ঘন্টার জন্যে জ্বালানি খরচ হবে ১ দশমিক ৯০ সেন্ট, মূলধন খরচ দশমিক ৮৮ সেন্ট, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ হবে দশমিক ৪৪ সেন্ট এবং অন্যান্য খরচ দশমিক ০৮ সেন্ট।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, সরকারের এই নীতির কথা আমরা এখনও আনুষ্ঠানিকভাবে জানি না। তবে ইআরসি বিদ্যুত উৎপাদনের জন্য লাইসেন্স দেওয়ার নীতিমালা চূড়ান্ত করেছে। তিনি জানান, শর্ত পূরণ করে আবেদন করা হলে সকল কাজ শেষ করে লাইসেন্স দিতে ছয় সপ্তাহ সময় লাগবে।

বিদ্যুত উৎপাদন আবেদনের জন্য প্রতি মেগাওয়াট আবেদন ফি ৫,০০০ টাকা। পঞ্চাশ মেগাওয়াট পর্যন্ত ক্ষমতার বিদ্যুত কেন্দ্রের লাইসেন্স ফি বার্ষিক পাঁচ লাখ টাকা।

উদ্যোক্তারা বিভিন্ন শুল্ক ও কর সুবিধাও পাবেন।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র গ্যাসের অপচয় বাড়াবে। তাদের মতে, বড় বিদ্যুত কেন্দ্রের তুলনায় ছোট বিদ্যুত কেন্দ্রে জ্বালানি খরচ হবে প্রায় দেড়গুণ। জ্বালানির সংরক্ষণ এবং দক্ষ ব্যবহারের এই যুগে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতি বলে অনেকে মনে করেন।

তাদের দেয়া হিসেব অনুযায়ী ৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্রে প্রতিদিন ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস দরকার হয়। অন্যদিকে ১১ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রে গ্যাস লাগে প্রায় ৩ মিলিয়ন ঘনফুট।