খুলনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সরকারি নির্দেশ মানছে না
বৃহত্তর খুলনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সরকারি নির্দেশ জারির তিন বছর পরও নির্যাতিত নারী ও শিশুদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্যাতিত নারী ও শিশুদের ডাক্তারি পরীক্ষা বিষয়ে জারিকৃত পরিপত্র স¤পর্কে উপজেলা স্বাস্থ্য বিভাগের অনেক কর্মকর্তারা কিছু জানেন না। আর যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে পরিপত্র পৌঁছেছে সেসব জায়গায় সরকারি নির্দেশ অনুযায়ী মেডিকেল সার্টিফিকেটের নির্দিষ্ট ফরমেট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া যায়নি বলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে।
জানা যায়, সরকার নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করে ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর এক পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, ধর্ষণ এবং অন্যান্য সহিংসতার শিকার নারী ও শিশু পুলিশের রেফারেন্স ছাড়াও যেকোনও সরকারি স্থাপনায় কিংবা সরকার অনুমোদিত বেসরকারি সংস্থা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসক ভিক্টিমকে যথানিয়মে পরীক্ষা করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, নিকটস্থ থানার অনুমতি নিয়ে মেডিকেল সার্টিফিকেট প্রদান করবেন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত এ নির্দেশ কার্যকর হয়নি। এ ব্যাপারে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সোমবার বিডিনিউজকে জানান, তারা এখনও পরিপত্রের নির্দেশ অনুসারে মেডিকেল সার্টিফিকেটের নির্দিষ্ট ফরমেট হাতে পাননি।
খুলনা সিভিল সার্জন ডা. হামে জামিল বিডিনিউজকে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র অনেক আগে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পৌঁছে যাওয়ার কথা। তবে আদালতে সাক্ষী দেওয়াকে অনেকে ঝামেলা মনে করেন এবং তারা ফরেনসিক টেস্ট বা ডাক্তারি পরীক্ষা এড়াতে ফরমেট না পাওয়ার কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
