নানা সমস্যায় জর্জরিত টঙ্গী বিসিক শিল্পাঞ্চল, বিস্তারিত
দেশের বৃহত্তম শিল্পাঞ্চল টঙ্গীর বিসিক শিল্পনগরী দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যায় জর্জরিত থাকায় শিল্পোৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প উদ্যোক্তারা। শিল্পাঞ্চল জুড়ে চলছে ব্যাপক চাঁদাবাজী, বিরাজ করছে নিরাপত্বাহীনতা। পাশাপাশি এর সড়ক ব্যবস্থা খুবই নাজুক; পানি ও বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল।
অপরদিকে সার্ভিস চার্জ কয়েকগুন বাড়িয়ে ক্ষুদ্র শিল্প মালিকদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মালিক কল্যাণ সমিতি শিল্পায়নের নানামুখী সমস্যা দূরীকরণসহ অতিরিক্ত সার্ভিস চার্জ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।
টঙ্গী বিসিক শিল্প নগরীর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের চালু শিল্পাঞ্চলগুলোর মধ্যে টঙ্গী বিসিক শিল্পাঞ্চলটি অন্যতম। এখান থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে থাকলেও এখানকার বিরাজমান সমস্যা দূরীকরণে তেমন কোনও পদক্ষেপ নিচ্ছে না।
শিল্পাঞ্চলের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। কলকারখানার মালিকরা একবার নিজ উদ্যোগে সংস্কার করলেও আবারও তা ভেঙ্গে পড়েছে। পুরো শিল্পাঞ্চল জুড়েই রয়েছে নানাবিধ সমস্যা।
এখানে নেই পর্যাপ্ত ড্রেন এবং পানি নিষ্কাষণের ব্যবস্থা। ফলে বৃষ্টির পানি কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত পণ্য নষ্ট করে ফেলে। বর্জ্য পদার্থ নির্গত করতেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
এ এলাকায় পর্যাপ্ত খাবার পানির পানির সরবরাহও নেই। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যার পর গোটা এলাকাই অন্ধকারে ডুবে এক ভুতুরে এলাকায় পরিণত হয়। রাস্তার দু’পাশ ধরে চলছে অবৈধ জমি দখল। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদের কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।
পাশাপাশি এলাকা জুড়ে চলছে ব্যাপক চাঁদাবাজী। উৎপাদিত পণ্য সরবরাহে বাধা সৃষ্টি করে, হুমকি দিয়ে, কখনও কখনও কারখানায় হামলা চালিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। পুলিশি টহল না থাকায় ছিনতাই, ডাকাতি, মাদকসেবীদের দৌরাত্ম্য, শ্রমিকদের উপর নির্যাতনসহ নানা অপ্রীতিকর ঘটনা প্রায়ই ঘটছে।
এসব বিবেচনায় কারখানার মালিকরা আতঙ্কিত হয়ে পড়েছে, তারা আশাহতও হচ্ছে। দেশের শিল্প খাতে গতি আনতে হলে সরকারের উচিত এ ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নেওয়া।
