কলকাতা কারাগারে ২ বাংলাদেশীর মৃত্যু: তৎপর হয়েছে রাজ্য প্রশাসন
কলকাতার দু’টি কারাগারে বিচারাধীন দুই বাংলাদেশী নাগরিকের মৃত্যুর ঘটনায় তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন।
রোববার প্রেসিডেন্সি কারাগারে দেড় বছরের শিশু মুক্তা ও সোমবার দমদম কারাগারে ৫০ বছরের দ্বিজবর বায়েনের মৃত্যু হয়।
রাজ্যের কারাগারমন্ত্রী বিশ্বনাথ চৌধুরী বলছেন, দু’টি মৃত্যুর ক্ষেত্রেই কোনও অস্বাভাবিক বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইজি পদমর্যাদার এক জেল কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, রোববার দুপুরে জেলের ভেতরেই হালিমার মেয়ে মুক্তা হঠাৎ হেঁচকি তুলতে থাকে। জেল হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বনগাঁ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত জানুয়ারি মাসে দেড় বছরের শিশু মুক্তাসহ গ্রেফতার হয়েছিল তার মা ২৮ বছর বয়সী হালিমা বেগম। ১৬ জানুয়ারি থেকে তাদের কলকাতার প্রেসিডেন্সি জেলের মহিলা সেলে রাখা হয়।
সোমবার দুপুরে কোলকাতার দমদম সেন্ট্রাল কারাগারে বাংলাদেশী বন্দিদের মধ্যে দ্বিজবর বায়েন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গত বছরের ২৯ সেপ্টেম্বর বনগাঁ সীমান্তে তাকে গ্রেফতার করা হয়।
জেল কর্তৃপক্ষ দাবি করেছে, দ্বিজবর যক্ষ্মা আক্রান্ত ছিল, এতেই তার মৃত্যু হয়েছে।
তবে আটক অন্য বাংলাদেশী কারাবন্দিদের মতে, জিজ্ঞাসাবাদের নামে কারাগারে নির্যাতন এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ অভিযোগের প্রেক্ষিতে কারাগার মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী বলেছেন, দু’টি মৃত্যুর বিষয়েই তদন্ত করা হবে। এতে যদি দেখা যায় কারা কর্মীদের গাফিলতিতে এমন হয়েছে, তবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
তবে পশ্চিমবঙ্গের কোন কারাগারে বাংলাদেশের কতজন নাগরিক আটক ও বিচারাধীন রয়েছে, মন্ত্রী বিডিনিউজকে তা জানাতে পারেন নি।
