২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ২২ আহত ৮০

টাঙ্গাইলে মঙ্গলবার সংঘটিত দুটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, জেলার কালিহাতী উপজেলার পৌলি ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী একটি বাস ১০০ ফুট নীচে খাদে পড়ে গেলে একই পরিবারের ছয়জন সহ ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়।

মঙ্গলবার ভোররাতে সংঘটিত অপর দূর্ঘটনায় পাঁচজন নিহত ও ৫০ জন আহত হয়। একটি যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস বিকেল ৩টায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পৌলি ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আরও দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহত ১৭ জনের মধ্যে তিনজন শিশু, চারজন মহিলা।

নিহত একই পরিবারের ছয়জনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তারা হলো- লাল মিয়া (৬০) এবং তার মেয়ে সোদরেসা বেগম (৩৫)। সোদরেসার স্বামী দুলাল মিয়া (৪০) এবং তাদের তিন মেয়ে রিতা (১৬), আসমা (১০) এবং তিন বছরের এক শিশু।

অপর নিহত আবদুল মজিদ (৩৫) এর বাড়ি একই উপজেলার কুন্দা মহিপুর গ্রামে।

দূর্ঘটনার খবর পেয়ে আশপাশের সব এলাকার মানুষ উদ্ধারকাজে যোগ দেয়।

এছাড়াও টাঙ্গাইল পুলিশের তিনটি দল এবং দমকল কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজিব ওয়াজেদ জয় তাদের রংপুর সফর শেষে ফেরার পথে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপর দূর্ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া নামক স্থানে সকাল সাড়ে চারটায়। পুলিশ জানায় কুড়িগ্রাম থেকে আসা যাত্রীবাহী নৈশকালীন বাসটি গ্যাস সিলিণ্ডারবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাস্তার পার্শ্ববর্তী ধান ক্ষেতে ছিটকে পড়ে।

এতে পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। এদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- আনোয়ার হোসেন (৪৪) এবং তার সহকারী অমল চন্দ্র রায় (৩০)।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।