ব্রিটিশ কাউন্সিলে মে’র ২-৩ তারিখে মৌসুমি ভৌমিকের সঙ্গীত সন্ধ্যা
আগামী মাসের ২ ও ৩ তারিখে ব্রিটিশ কাউন্সিল ঢাকা অডিটোরিয়ামে শিল্পী মৌসুমি ভৌমিকের নেতৃত্বে লন্ডনভিত্তিক সংগঠন পারাপার’র সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এ সঙ্গীতানুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, শিল্পী ও গীতিকার মৌসুমি ভৌমিককে কেন্দ্র করে গড়ে ওঠা লন্ডন ভিত্তিক সঙ্গীত গ্রুপ পারাপার মৌসুমি ভৌমিকের নিজস্ব গান এবং বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত পরিবেশন করবে।
মৌসুমি ভৌমিক এবং সুরকার ও গিটারিষ্ট ওলিভার উয়িকসের সমন্বয়ে তিন বছর আগে এই সঙ্গীত গ্রুপটি গড়ে ওঠে। তারপর সেলিষ্ট রোজালিন্ডএ্যাকশন ও বেসিষ্ট বেন হিলিয়ার্ড এ দলে যোগ দেন।
গ্রুপটির প্রধান পারফর্মার মৌসুমি ভৌমিক ইতোমধ্যেই নিজস্ব গানের তিনটি এ্যালবাম প্রকাশ করেছেন। ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে কনসার্ট করেছেন। এছাড়াও কান পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘মাটির ময়না’সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্র গানের সুর করেছেন।
গ্রুপের আরেক সদস্য লন্ডনের রয়্যাল একাডেমি অব মিউজিকের পোষ্ট গ্রাজুয়েট কম্পোজিশনে অধ্যয়নরত ওলিভার উয়িকস ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ করেছেন এবং বাংলাগানে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিটিশ কাউন্সিল- ৫ ফুলার রোড, ব্রিটিশ কাউন্সিল টিচিং সেন্টার-সাত মসজিদ রোড, বেইলি রোডের সাগর পাবলিশার্স এবং বণানীর হলমার্কে সঙ্গীত সন্ধ্যার টিকিট পাওয়া যাবে।
