চট্টগ্রামে দুর্ধর্ষ ডাকাতি
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সামনে একটি রোগ নির্ণয় কেন্দ্রে গত রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
অস্ত্রের মুখে অর্ধশতাধিক লোককে জিম্মি করে ১২/১৪ জনের একটি ডাকাতদল ফিল্মি কায়দায় মাত্র ১৫ মিনিটের মধ্যে ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রাম পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।
জানা যায়, রোববার রাত ১০টায় নগরীর ‘ডক্টরস ল্যাবে’ দুই মহিলাসহ ১২/১৪ জনের একটি সশস্ত্র ডাকাতদল অতর্কিতে হানা দিয়ে ল্যাবের ডাক্তার, কর্মচারী, রোগী ও উপস্থিত অর্ধশতাধিক লোককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ল্যাব ম্যানেজার মোবারক হোসেন বিডিনিউজকে বলেন, প্রথমে বোরকা পরিহিত দুই মহিলা এসে ল্যাবের রোগীদের অপেক্ষা কক্ষে বসে। কিছুক্ষণের মধ্যে মুখোশ পরা ১০/১২ জন তরুণ ল্যাবে ঢুকে দুই মহিলার কাছ থেকে অস্ত্র নিয়ে উপস্থিত সবাইকে এক জায়গায় জড়ো করে। ডাকাতরা ল্যাবের প্রতিটি কক্ষে গিয়ে ডাক্তার, কর্মচারী, রোগী ও রোগীদের সাথে আসা লোকজনকে কাটা রাইফেল, পিস্তল, কিরিচ ঠেকিয়ে সবাইকে অপেক্ষা কক্ষে এনে জিম্মি করে রাখে। এর মধ্যে বোরকা পরিহিত দুই মহিলা ডাকাত পালিয়ে যায়। ডাকাতরা ল্যাবের ক্যাশ, ম্যানেজারের কক্ষে রাখা আলমারি খুলে নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল সেটসহ রোগীদের টাকা ও স্বর্ণালংকারসহ মোট দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ল্যাব ম্যানেজার বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এখনও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার দুপুরে র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
