মাদারীপুরে ধৈঞ্চার চাষ বাড়ছে
বিনাপুঁজিতে ধৈঞ্চা চাষ করে অধিক লাভবান হওয়ায় মাদারীপুরে ধৈঞ্চা চাষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর জেলায় পাঁচ হাজার চাষী ধৈঞ্চা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছে।
জানা যায়, জেলার চারটি উপজেলায় বিভিন্ন চরাঞ্চলে বিশেষ করে নদীর তীরে বালু ও দো-আঁশ মাটিতে ধৈঞ্চা চাষ হয়ে থাকে। বন্যা ও খরায় ধৈঞ্চার কোনও ক্ষতি হয় না।
সম্প্রতিকালে জ্বালানী হিসাবে ধৈঞ্চার কদর বেড়ে যাওয়ায় ধৈঞ্চা চাষীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
ধৈঞ্চা বায়ু থেকে নাইট্রোজেন গ্রহন করে মুল দিয়ে মাটিতে মিশে জমি উর্বর করে। উর্বরহীন জমিকে উর্বর করা ছাড়াও বিনাপুঁজিতে ধৈঞ্চা চাষ করে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হওয়ায় কৃষকরা ধৈঞ্চা চাষে আগ্রহী হয়ে পড়েছে।
সদর উপজেলার পাচখোলা গ্রামের কয়েকজন চাষী বিডিনিউজকে জানান, বৈশাখ মাসে যেকোন জমিতে এক চাষ অবস্থায় বীজ ছিটিয়ে রাখলে কয়েকদিনের মধ্যে ধৈঞ্চার চারা উদগীরন হয়। এতে কোন প্রকার নিড়ানীও লাগেনা। তিন‘শ টাকার বীজে প্রায় এক একর (১০০ শতাংশ) জমিতে ধৈঞ্চা চাষ এবং পরে প্রায় ৮/৯ হাজার টাকায় বিক্রি করা যায়।
চলতি মৌসুমে জেলায় তিন হাজার হেক্টর জমিতে ধৈঞ্চার চাষ হয়েছে। জ্বালানী ছাড়াও পুষ্টির জন্য ধৈঞ্চার বীজ গবাদি পশুকে খাওয়ানো হয়।
কোন কোন এলাকায় ধৈঞ্চা ১৫/১৬ হাত লম্বা ও বাঁশের মত মোটা হয়ে থাকে। ধৈঞ্চা দিয়ে ক্ষেতের আইল ও ঘরের বেড়া তৈরী এবং লাউ, কুমড়া ও ধুন্দল গাছের মাচা ছাড়াও ধৈঞ্চার মাচালে পিঁয়াজ-রসুন রাখী করা হয়।
