২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ জেলায় বোরো ধানের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে খ্যাত হাওড় প্রধান কিশোরগঞ্জ জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বন্যায় ফেলে যাওয়া পলি, অনুকূল প্রকৃতি এবং সময়মত ভর্তুকির সারসহ কীটনাশক সুবিধার কারণে এ বাম্পার ফলন সম্ভব হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কিশোরগঞ্জ জেলার বিস্তীর্ণ হাওড় এলাকার মাঠ জুড়ে এখন পাকা ধানের সমারোহ। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে ধান কাটার উৎসব শুরু হয়। ধান কাটা আগামী ১৫ দিনের মধ্যেই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

হাওড় অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈশাখের প্রচণ্ড রোদ উপেক্ষা করে কৃষকরা মাঠে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত। কৃষকদের সাথে আলাপকালে তারা জানায়, গতবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বোরো ধান বিনষ্ট হওয়ার পর এবার বাম্পার ফলন তাদের আশা যুগিয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে ফসল ঘরে তোলার জন্য সবাই ব্যস্ত। কিন্তু, ধান কাটার জন্য উচ্চ মজুরি দিয়েও পর্যাপ্ত কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না।

হাওড়ের গেটওয়ে বলে পরিচিত কিশোরগঞ্জের নৌবন্দর এখন জমজমাট। সকাল থেকে রাত পর্যন্ত শত শত নৌকায় করে ধান আসছে বন্দরে। বন্দরঘাটে বস্তাবন্দি করে এগুলো বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ এলাকার একজন কৃষক রেনু সিকদার বলেন, এবার ফলন ভাল হওয়ায় গতবারের বিপর্যয়ের কথা ভুলে গেছি। তিনি আরও জানান, বর্তমানে বাজারে ধানের দর মন প্রতি ৩শ টাকা। পক্ষকাল পরেই নবান্ন উৎসবে জেগে উঠবে প্রতিটি কৃষকের ঘর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট খামারবাড়ি সূত্র জানায়, এবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত জেলাগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৪৪ হাজার ৪শ ১০ মেট্রিক টন। বাম্পার ফলনের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে কৃষকের মুখে এবার হাসি ফুটেছে।