এক সাবেক ইউপি চেয়ারম্যানের নৃশংসতার সাতকাহন
কুমিল্লা জেলার মুরাদনগরের পীর কাসিমপুরের সাবেক ইউপি চেয়ারম্যান বকর ও তার বাহিনী গত ২০ বছরে কমপক্ষে সাতটি খুন, শতাধিক ধর্ষণ, শত শত ডাকাতি ও চুরির ঘটনা ঘটিয়েও নিরাপদে রয়েছে।
গাজীর হাট বাজার কমিটির সম্পাদক খন্দকার শাহাদাৎ হোসেন, গাজীপুর গ্রামের মুরুব্বি ও বকরের আত্মীয় কাজী সামছুল হক এবং জাঙ্গালের গ্রামের গ্রাম সরকার সদস্য শাহ আলম সরকার বিডিনিউজকে জানান, চেয়ারম্যান বকর ১৯৮৪ সালে রাজাবাড়ি গ্রামের রেনু বেগমকে তৃতীয় স্ত্রী হিসেবে জোর করে তুলে এনে বিয়ে করে পরের বছরই খুন করে। কিন্তু ভয়ে রেনুর পরিবার তার বিরুদ্ধে মামলা করেনি।
১৯৮৬ সালে বকর তার জুয়ার এক সহযোগীকে খুন করে ধানক্ষেতে ফেলে রাখে। ১৯৮৭ সালে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে বকর। একই বছর গাজীপুরের মনিরুল হক মিয়ার বাড়িতে সে ডাকাতি করে।
১৯৯২ সালে প্রান্তিক পরিবহনের মালিক আবদুল বারীকে হত্যা করে। এ বছরের শুরুতে গ্রামের আবু সাইদের স্ত্রীকে খুন করে। এছাড়া, গ্রামের অসংখ্য মানুষ তার হাতে ও তার বাহিনীর হাতে নিগৃহীত হয়েছে।
তারা আরও জানান, বকর গরু চুরি করে পরে প্রকাশ্যে কসাইদের দিয়ে বাজারে কম দামে মাংস বিক্রি করতো।
এলাকাবাসী জানায়, বকর জোর করে এবং ভয়ভীতি দেখিয়ে মোট ২১টি বিয়ে করেছে। তবে এর অধিকাংশই ছিল সাময়িক। বর্তমানে তার চার স্ত্রী রয়েছে।
অতি সম্প্রতি মুরাদনগরের গাজীপুর গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান স্বপনকে পূর্ব শত্রুতার জের ধরে গত ১ এপ্রিল রাতে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করে বকর ও তার বাহিনী। পরদিন বিকাল পাঁচটায় পুলিশ আসার পর বকর এবং আব্দুল কাদির মেম্বারসহ অন্যান্য খুনিরা পালিয়ে যায়।
স্বপনের স্ত্রী শেফালী আক্তার ও মা রাবেয়া খাতুন জানান, রাতে দোকান বন্ধ করে ফেরার পর স্বপনকে বকর বাহিনী ডেকে নিয়ে যায়। স্বপনকে বকর চেয়ারম্যান ও কাদির আটক করেছে এমন সংবাদ পেয়ে তার মা ও স্ত্রী ছুটে যান আরু মিয়ার বাড়িতে। সেখানে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা করা হয় এবং বকর রাবেয়া খাতুনকে মারধর করে।
এক পর্যায়ে বকর বাহিনী স্বপনকে ইটের ওপর রেখে রড দিয়ে পিটিয়ে প্রথমে হাত-পা গুড়ো করে দেয়। এ অবস্থায় স্বপনের মৃত্যু যখন মাত্র সময়ের ব্যাপার ছিল তখন স্বপনকে চোর আখ্যা দিয়ে বিচারের নাটক সাজানোর চেষ্টা করে বকর। পরে স্বপনের বুকে সজোরে লাথি দিয়ে বুঝতে পারে সে মারা গেছে। এ অবস্থায় খুনীরা পালিয়ে যায়।
এদিকে গাজীরহাট বাজারের স্টুডিও মালিক শাহীন জানান, গত ১ এপ্রিল স্বপনকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয় এবং নির্যাতনের সময় ভয়ভীতি দেখিয়ে তাকে স্বপনের ছবি তুলতে বাধ্য করে। গত ৫ এপ্রিল পুলিশ ওই ফিল্ম তার দোকান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর থেকে শাহীনকে বকর খুন করার হুমকি দিচ্ছে। এখন সে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এলাকায় কেউ বকরের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। জানা যায়, স্বপনকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এলাকাবাসী গত ৫ এপ্রিল স্থানীয় গাজীরহাট বাজারে মিছিল ও সমাবেশ করে আকুবপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবু বকর ও বর্তমান মেম্বার আ. কাদিরসহ সকল খুনীর গ্রেফতার ও বিচার দাবি করে।
জনগণের দাবির প্রেক্ষিতে এস আই নুরুল আমিন আবু বকরের মাদক আস্তানা হিসাবে পরিচিত জাঙ্গাল গ্রামের আলী হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির নিচ থেকে ফেনসিডিল, বিয়ার ও বিভিন্ন ধরনের মদ উদ্ধার করে। এছাড়াও দু‘কেজি গাঁজা, ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি বড় টর্চ লাইট, ছোরা, অনেকগুলো পর্ণো ছবি এবং মদ তৈরির স্পিরিট উদ্ধার করে।
স্বপনকে খুন করার পর থেকে বকর ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তবে গত মঙ্গলবার রাতে পুলিশ স্বপন হত্যা মামলার আসামী কাউছারকে গ্রেফতার করেছে। কাউছারকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদ করেছে বলে জানা যায়।
