২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কমিটি গঠন

নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির উপায় চিহ্নিত করতে বিদ্যুৎ বিভাগ রোববার একটি বিশেষ কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি (ডেসা)’র সদস্য তাওহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত এ কমিটিকে একটি প্রতিবেদন প্রস্তুত করে এক মাসের মধ্যে বিদ্যুৎ বিভাগের কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

মন্ত্রণালয়ের এডভাইজরি কাউন্সিলের এক সভায় বিদ্যুত বিষয়ক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ সিদ্ধান্তের কথা জানান।

বিদ্যুৎ খাতে গত তিন বছরে যে অগ্রগতি হয়েছে তা গত দশ বছরেও অর্জিত হয়নি বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।

তিনি সভাকে অবগত করেন, “বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উন্নয়ন বিভাগ প্রথমবারের মতো মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।”

অন্যদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আউয়াল মিন্টু সভাকে জানান, গত ১০ বছরে বিদ্যুৎ খাতে তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়নি।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, “আমি বুঝতে পারিনা কী কারনে এ খাতে স্থবিরতা বিরাজ করছে।”

সভায় জাতীয়বাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, বিদ্যুৎ খাতের করুণ দশার জন্য শ্রমিক সংগঠনসমূহকে কোনক্রমে দায়ি করা যায় না।

বিদ্যুৎ সচিব, পিডিবি, ডেসা ও আরইবি’র চেয়ারম্যান এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সভায় উপস্থিত ছিলেন।