২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যবদ্ধ হোন, জোট শাসনের কবল থেকে জনগণকে মুক্ত করবো: হাসিনা

জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের মাধ্যমে জোট সরকারের পতন ঘটিয়ে জনগণকে মুক্ত করবো।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুত্র সজীব ওয়াজেদ জয়সহ তিন দিনের সফরে রোববার রংপুর যাওয়ার পথে বিভিন্ন পথসভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতির এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

সাভারের বাইপাইল, টাঙ্গাইলের রাবনা বাইপাস এবং সিরাজগঞ্জের হাতিকুমড়–লসহ বিভিন্ন এলাকার পথসভায় ব্যাপক মানুষের অংশগ্রহণে জনসভায় পরিণত হয়।

রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারও মানুষ শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে উষ্ণ অভ্যর্থনা জানায়। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা এ সময় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের পোস্টারসহ বিভিন্ন ধরণের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে। এসব ব্যানারে বিভিন্ন ধরনের শ্লোগানসহ লেখা ছিল ‘জয় নতুন প্রজন্মের নেতা’।

হাস্যোজ্জল জয়ও তার মায়ের সাথে দলের নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন। তবে তিনি কোনো বক্তব্য রাখেননি।

জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, জোট সরকার ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে শোষণের রাজত্ব কায়েম করেছে। উন্নয়নের নামে বিএনপি-জামাত বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০২ সাল থেকে বর্ধিত বেতন-ভাতা নিলেও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের তা দিচ্ছেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বর্ধিত বেতন-ভাতা দেওয়ার দাবি জানান ।

তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। বিনা বিচারে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। জোট সরকার চুরি করে ক্ষমতায় থাকতে চায়।

টাঙ্গাইলের সভায় মধুপুরের আদিবাসী তরুনীরা নেচে গেয়ে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়।