২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভবন বিধ্বস্তের ঘটনায় জাসদের শোকদিবস পালন

সাভারে স্পেক্ট্রাম সোয়েটার ফ্যাইর ট্র্যাজেডির ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) ঘোষিত শোকদিবস উপলক্ষে শনিবার দেশব্যাপী সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাসদ কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে দলের সভাপতি হাসানুল হক ইনু রাষ্ট্রীয়ভাবে শোকদিবস পালন না করায় সরকারের সমালোচনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, দেশের বৈদেশিক অর্থ রিজার্ভের দুই তৃতীয়াংশ উপার্জনকারী গার্মেন্টস খাতের শ্রমিকদের স্মরণে অন্ততঃ একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা না করে জোট সরকার ‘চরম অমানবিকতা ও বেইমানি’র পরিচয় দিয়েছে।

তিনি স্পেক্ট্রাম সোয়েটার ফ্যাক্টরিসহ সকল শিল্প দুর্ঘটনায় নিহত ও আহতদের ১৮৫৫ সালের মারাত্মক দুর্ঘটনা আইন অনুযায়ী বর্তমান অবস্থা বিবেচনায় জনপ্রতি কমপক্ষে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সহ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন।