ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার দুই বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে। বিডিআর এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে চিঠি পাঠিয়েছে।
নিহতরা হলো জাহিদুর রহমান (২৪) এবং আক্তার হোসেন (২০)।
যশোর বিডিআর’র ২৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোতাহার হাসান জানান, বিএসএফকে দেওয়া চিঠিতে বিনা উস্কানিতে নিরীহ দুই বাংলাদেশীকে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নিহতদের লাশ ফেরত চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিডিআর’র পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব করা হয়েছে। সীমান্ত এলাকায় লোকজনকে সতর্ক অবস্থায় চলাফেরা করতে বলা হয়েছে এবং জিরো লাইনের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।
বিডিআর সূত্রে জানা গেছে, ভোরের দিকে এ দুজন জিরো লাইনের কাছাকাছি বাংলাদেশ এলাকায় কৃষি কাজ করতে যায়। এ সময় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মধুপুর ক্যাম্পের বিএএসফ’র একদল সদস্য সীমান্তের ৪৯ নং মেইন পিলার ও তিন নং সাব পিলারের কাছে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় জাহিদুর রহমান ও আক্তার হোসেন গুলিতে নিহত হয়।
তাদের লাশ সীমান্ত পিলারের পাশে দীর্ঘক্ষণ পড়ে থাকে। পরে বিএসএফ তাদের লাশ টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনার পর সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকার কৃষকরা মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছে।
নিহত জাহিদুর মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং আক্তার একই উপজেলার বড়বাড়িয়া গ্রামের সোলাইমানের ছেলে। তাদের একজন কৃষি কাজ ও একজন কাঠমিন্ত্রীর কাজ করতো।
