২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ডাকঘরের লুন্ঠিত ২২ লাখ টাকার হদিস ২ বছরেও মিলেনি

জেলার প্রধান ডাকঘর থেকে লুন্ঠিত ২২ লাখ টাকার হদিস গত দুই বছরেও পাওয়া যায়নি। সিআইডির কাছে মামলাটি ন্যস্ত করা হলেও, অদৃশ্য কারণে তা মন্থর গতিতে চলছে। এদিকে গ্রেফতারকৃত ডাক বিভাগের চারজনসহ এ মামলার ১৪ জন আসামীই এখন জামিনে মুক্তি পেয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

লুন্ঠিত টাকা আদৌ পাওয়া যাবে কিনা অথবা প্রকৃত দোষীরা বিচারের আওতায় আসবে কিনা, সে ব্যাপারে পুলিশ এবং ডাক বিভাগ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না ।

জানা যায়, ২০০৩ সালের ২৭ মে রাতে কুমিল্লার প্রধান ডাকঘরের বাথরুমের জানালার গ্রীল কেটে একদল দু®কৃতকারী ডাকঘরের ট্রেজারির ষ্ট্রংরুম ভেঙ্গে ডাক বিভাগের নগদ ২২ লাখ টাকা লুট করে। এ ব্যাপারে কুমিল্লা প্রধান ডাকঘরের প্রধান সহকারী পোষ্টমাষ্টার জেনারেল কাজী মামুনুর রশিদ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। তৎকালীন সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালী থানার ওসি শেখ মহিউদ্দিন চৌধুরী প্রধান ডাকঘরের নৈশ প্রহরী ইব্রাহীম খলিল, নজরুল ইসলাম ও আর্মড গার্ড সিদ্দিকুর রহমানসহ ১০/১২ জনকে গ্রেফতার করে। এরপরে মামলাটির আর কোনও অগ্রগতি হয়নি।

এদিকে, ২০০৩ সালের অক্টোবরে কুমিল্লা সিআইডির কাছে মামলাটি হস্তান্তর করা হয়। জেলা সিআইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।

মামলার অগ্রগতি সম্পর্কে বর্তমান তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বিডিনিউজকে জানান, এ মামলার ব্যাপারে নতুন করে আর কাউকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। ইতোপূর্বে গ্রেফতারকৃত সকলে জামিনে মুক্তি লাভ করেছে। তিনি বলেন, লুন্ঠিত টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে মামলার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে মামলার বাদী সহকারী পোষ্টমাষ্টার কাজী মামুনুর রশিদ বলেন, ডাক বিভাগের পৃথক দুটি তদন্ত কমিটি তাদের রিপোর্টে টাকা উদ্ধার বা ঘটনার সাথে জড়িতদের বিষয়ে কোনও মতামত দেয়নি।