পুন: দরপত্রের কারণে ক্ষতি: পেট্রোবাংলার কাছে রিপোর্ট চেয়েছে মন্ত্রণালয়
বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পুন:দরপত্র আহ্বানের কারণে কি পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে এবং বাস্তবায়ন সময় কত দিন বেশি লাগছে এ নিয়ে পেট্রোবাংলাকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা মাসিক সভায় জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এমপি এই নির্দেশ দেন।
তিনি পুন:দরপত্রের কারণে প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং সময়ক্ষেপনের কারণে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, এটা কোনোভাবেই কাম্য নয়।
বৈঠক সূত্রে জানা গেছে, এ সময়কালের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ৭০ শতাংশ অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও পেট্রোবাংলা অর্জন করতে পেরেছে ৫১ শতাংশ। অবশ্য পেট্রোবাংলার পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, আর্থিক খরচের হিসাবে অগ্রগতির মাত্রা এটা হলেও বাস্তবে এর পরিমাণ আরো বেশি।
চলতি বাজেটে জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মোট বরাদ্ধের পরিমাণ ছিল ১,০০৭ কোটি টাকা। কিন্তু সংশোধিত বহিসাবে এই ব্যয় কমে আসায় প্রতিমন্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, অন্য মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটে যেখানে ব্যয় বাড়ে সেখানে আমাদের কমছে কেন সেটা আমি বুঝি না।
সভায় কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনায় হয়। এডিবি‘র সাহায্যপুষ্ট ঢাকা ক্লিন ফুয়েল প্রকল্পর আওতায় সিএনজি বাস কেনার বিষয়টি বিলম্বিত হওয়ায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, কেবলমাত্র বিআরটিসি‘র জন্য অপেক্ষা করে লাভ নেই। ৩০০ সিএনজি বাস কেনার জন্য ব্যাংকের মাধ্যমে ঋণ দেয়া হবে। আর এই ঋণ গ্রহনের বিষয়টি বেসরকারি উদ্যোক্তা এবং বিআরটিসি‘র জন্য উন্মুক্ত থাকবে। তবে রাজধানীতে ইতোমধ্যে সিএনজি চালিত থ্রি হুইলারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই প্রকল্পের আওতায় ২,০০০ সিএনজি থ্রি হুইলার আমদানীর সিদ্ধান্ত বাতিল করা হয়।
অন্যদিকে এই প্রকল্পর আওতায় যে ২৬টি সিএনজি স্টেশন রাজধানীতে স্থাপন করার সিদ্ধান্ত ছিল তা পরিবর্তন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুসারে এই স্টেশনগুলো নগরীর বাইরে হাইওয়েতে স্থাপন করা হবে।
সভায় বাপেক্স’র শাহবাজপুর প্রকল্প পর্যালোচনা করে বলা হয়, যেহেতু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প অনিশ্চিত হয়ে পড়েছে সে কারণে সেখানে দ্বিতীয় কূপ খননের প্রকল্প স্থগিত রাখা হবে। তবে প্রসেস প্লান্ট এবং ভোলা পর্যন্ত পাইপ লাইন নির্মাণের কাজ করা হবে।
সভায় পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, জমি অধিগ্রহন না হওয়ার কারণে রাজধানীর গ্যাস সরবরাহ নির্বিঘœ করতে আশুগঞ্জ-মনোহরদি পাইপ লাইন নির্মাণের কাজ বিলম্বিত হচ্ছে। এই মাসের শেষ নাগাদ পেট্রোবাংলা জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পারবে যে এই কাজের জন্যে কত টাকা দরকার।
সভায় জানানো হয়, বড়পুকুরিয়া কয়লা খনি উৎপাদনের জন্য প্রস্তুত। তবে হস্তান্তরের আগে যে ৭২ ঘন্টার উৎপাদন পরীক্ষা করা দরকার তা করা যাচ্ছে না বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে। জানানো হয়, আগামী ৩১ মের মধ্যে এই পরীক্ষা শেষ করা হবে।
সভায় আরো জানানো হয় যে, পাবলিক সেক্টরে এনজিএল ফ্রাকশনেশন প্লান্ট নির্মাণের জন্যে যে দরপত্র আহবান করা হয়েছিল তাতে ছয়টি প্রস্তাব পাওয়া গেলেও কারিগরিভাবে যোগ্য হয়েছে তিনটি। দরপত্রের বর্তমান শর্ত হিসেবে আগামী এক মাসের মধ্যে এই তিন কোম্পানির কাছ থেকে আর্থিক প্রস্তাব আহ্বান করা হবে।
পর্যালোচনা সভায় জ্বালানি সচিব একেএম জাফরুল্লাহ খান, অতিরিক্ত জ্বালানি সচিব এহসান-উল-ফাত্তাহ, পেট্রোবাংলার চেয়ারম্যান এস আর ওসমানীসহ সকল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
