বিএসএফ’র উদ্দেশ্যপূর্ণ ও উষ্কানিমূলক হামলার নিন্দা করেছে বাংলাদেশ
বাক্ষ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র উদ্দেশ্যপূর্ণ ও উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে বিএসএফ ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে প্রবেশ করে গুলি চালিয়েছে। যাতে এক অল্পবয়সী বাংলাদেশী মেয়ে নিহত হয়।
সম্প্রতি আখাউড়ার কাছে সংঘটিত সীমান্ত সংঘর্ষ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ওই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সীমানায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং সদ্যসমাপ্ত বিডিআর-বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ের বৈঠকে উভয় সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শনের চুক্তি অটুট রাখতে বাংলাদেশের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও ওই ঘটনা ঘটে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংলাপের মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ বদ্ধপরিকর।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সোমবার সাংবাদিকদের বলেন, প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের চার হাজার দুইশ’ কিলোমিটার সীমান্ত সংযোগ থাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে।
মন্ত্রণালয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশের ২৫০ গজের মধ্যে প্রবেশ করে ব্রাক্ষ্মণবাড়িয়ায় এক অল্প বয়সী মেয়েকে হত্যা করে। যা সত্যিই দুঃখজনক।
তিনি বলেন, “আমি শুনেছি আমাদের কিছু লোকের সাথে বিএসএফ সদস্যদের দাঙ্গায় উভয় পক্ষের কয়েকজন আহত হয় এবং এ সময়ে বিএসএফ সদস্যরা এক নিহতের লাশ নিয়ে যায়। বিএসএফ সদস্যরা বাংলাদেশের বেশি ভিতরে প্রবেশ করলে সে ইস্যুতে বিডিআর-বিএসএফ’র মধ্যে একটি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়।”
বিডিআর এবং বিএসএফ আলোচনার মাধ্যমে ছোটখাট সমস্যা সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ধরণের সীমান্ত সংঘর্ষে দুদেশের সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মনে করি না এই ছোট ঘটনার উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে।”
পররাষ্ট্র মন্ত্রী বলেন, “আমি আশা করি সীমান্ত শান্তি রক্ষায় বিডিআর ও বিএসএফ সর্বদা সচেষ্ট থাকবে। ইতোমধ্যেই তারা যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে। যা চোরাচালান ও মানুষ পাচার বন্ধে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, একপক্ষীয় টহলের চেয়ে যৌথ টহল অনেক ভাল।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, চলতি মাসের ১৬ তারিখ বিকাল সাড়ে পাঁচটার দিকে বিএসএফ সদস্য এবং সশস্ত্র ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নুরপুর গ্রামের সাধারণ মানুষের ওপর হামলা চালায়। এ সময়ে তারা গ্রামবাসীর সম্পদ তছনছের পাশাপাশি মুল্যবান জিনিসপত্র ও গ্রামবাসীদের অপহরণের চেষ্টা চালায়।
এ সময়ে বিডিআরের একটি টহল টিম ওই গ্রামে পৌছলে গ্রামবাসী তাদেরকে সতর্ক করে দেয়। অন্যদিকে বিএসএফ সদস্যরা বিডিআরের উপস্থিতি টের পেয়ে পজিশন নিয়ে গ্রামবাসী ও তাদের ওপর নির্বিচারে গুলি চালায়।
এই ঘটনায় নাহিদা আক্তার নামে ১০ বছরের এক বাংলাদেশী শিশু নিহত হয়। বিএসফ এ সময়ে সীমান্তে আরও সেনা মোতায়েন করে।
মুখপাত্র জানান, আত্মরক্ষার্থে বিডিআরের গুলি করা ছাড়া কোনও উপায় ছিল না। বিডিআর সর্বোচ্চ সংযম প্রদর্শন করার পরও বিএসএফ আরও কিছুক্ষণ তাদের ওপর গুলি চালায়। গোলাগুলি শেষে ওই গ্রামের কাছে বাংলাদেশের ২৫০ গজের অভ্যন্তরে দুই বিএসএফ সদস্য, একজন অফিসার এক সেনা সদস্যকে পাওয়া যায়।
তিনি আরও বলেন, ইউনিফর্ম পরিহিত না থাকায় প্রথ্রমে ওই মৃত অফিসারকে সনাক্ত করা সম্ভব না হলেও পরে জানা যায় তিনি বিএসএফ’র সহকারি কমাণ্ডার জীবন কুমার। পরে ব্যাটালিয়ন কমাণ্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর এপ্রিলের ১৭ দুই বিএসএফ সদস্যকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।
