দরপত্র বিজ্ঞপ্তি স্থগিত করা নিয়ে ভোলার এলইজিডি উত্তপ্ত
জেলার তজুমদ্দিন উপজেলা প্রকৌশলী কর্তৃক আহবানকৃত আড়াই কোটি টাকার দরপত্র বিজ্ঞপ্তি স্থগিত করায় ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এখন উত্তপ্ত হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট ঠিকাদাররা অভিযোগ করে বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী-২ (পিইডিপি) প্রকল্পের আওতায় উক্ত কাজ পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলার বিএনপির নেতাকর্মীদের দেওয়ার জন্যই উদ্দেশ্য প্রনোদিতভাবে কোনও কারণ ছাড়াই দরপত্র বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে।
রোববার দরপত্র দাখিলের দিন নির্বাহী প্রকৌশলীর অফিসে দরপত্র বিজ্ঞপ্তি বাতিলের নোটিশ দেখে ঠিকাদাররা উত্তেজিত হয়ে পড়ে এবং অফিস ঘেরাও করে।
এসময় নির্বাহী প্রকৌশলী আবুল হাসান বিষয়টি দেখবেন বলে ঠিকাদারদের আশ্বস্ত করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এদিকে, তজুমদ্দিন উপজেলা প্রকৌশলী এ ব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ঠিকাদার এবং এলজিইডির সাধারণ কর্মকর্তারা এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রীর যথাযথ পদক্ষেপ কামনা করছেন।
