কুমিল্লায় বৈশাখি বই মেলা সমাপ্ত
কুমিল্লায় সাত দিন ব্যাপি তৃতীয় বৈশাখী বই মেলা রোববার শেষ হয়েছে। ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত শহরের বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রাঙ্গণে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণশিল্পী মাহমুদুজ্জামান বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক।
বই মেলায় আগামী প্রকাশনী, ইউপিএল, নবযুগ, প্রতœ, পাঞ্জেরি পাবলিকেসন্স, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়।
মেলায় বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুরের মেলা অডিও প্রোডাকশন হাউস। আয়োজক পরিষদের দেশজ ফল প্রদর্শনী মেলায় ভিন্ন মাত্রা এনে দেয়।
মেলা প্রাঙ্গণে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয় কবি সন্মেলন। ১৭ এপ্রিল সমাপণী অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে গ্রাম বাংলার শিশু কিশোরদের ভূমিকার কথা তুলে ধরেন।
