২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ বহুতল ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঝুঁকিপূর্ণ বহুতল ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 02:48 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি বলেছেন, নির্মান কাজে সংশ্লিষ্ট সকলকে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। এতে ভবিষ্যতে ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ভবন ও স্থাপনার সামর্থ বাড়বে।

সোমবার সেগুনবাগিচায় স্থাপত্য ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবালউদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, প্রতিমন্ত্রী আলমগীর কবির, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এএফএম মঞ্জুরুল ইসলাম ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আব্দুস সালাম।

এর আগে প্রধানমন্ত্রী প্রায় সাত কোটি এক লাখ টাকা ব্যয়ে নির্মিত স্থাপত্য ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ভবন নির্মাণের পরিকল্পনার ক্ষেত্রে স্থপতিদের জনসংখ্যার বৃদ্ধির কথা মনে রাখতে হবে। জনসংখ্যা ও ভূমি ব্যবহারের সমন্বয় করতে হবে। কম জমিতে অনেক পরিবারের একসাথে থাকার প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। গ্রামের মানুষের জন্য স্বল্প খরচে বাড়ির ডিজাইন করতে হবে।

তিনি বলেন, স্থাপত্য ও নির্মাণ পরিকল্পনায় ভূমিকম্পের ঝুঁকির বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে। বহুতল ভবন, ব্রিজ ও বিশাল অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পের কথা মনে রাখতে হবে।

খালেদা জিয়া বলেন, স্থাপত্য কর্ম শুধুমাত্র প্রাণহীন অবকাঠামো নয়, স্থপতির সৃজনশীলতার স্পর্শে নান্দনিক সৌন্দর্য ও প্রাণবন্ত হয়ে ওঠে।

তিনি বাংলাদেশকে ভিন্নভাবে পরিচিত করার নির্মাণ ও স্থাপত্য কৌশল উদ্ভাবন করতে স্থপতিদের প্রতি আহ্বান জানান।