২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র বাংলাদেশ সীমান্তে প্রবেশ সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ভারত

ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে প্রবেশ ও বিডিআর’র ওপর গুলি বর্ষণ সংক্রান্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সীমান্তে বিডিআর’র গুলিতে বিএসএফ’র সহকারী কমান্ডার জীবন কুমার নিহত হওয়ায় সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

ভারতীয় দূতাবাস এ ধরনের ঘটনাকে দুঃখজনক অভিহিত করে বলে এর ফলে সংলাপ ও সমঝোতার গুরুত্ব বিঘিœত হবে। শুধু তাই নয় ঘটনাটি সম্প্রতি মহাপরিচালক পর্যায়ে বিডিআর ও বিএসএফ’র বৈঠকে পারস্পরিক সমঝোতা সংক্রান্ত যে দাবি জানানো হয় তার পরিপন্থী।

এতে বলা হয়, ত্রিপুরাস্থ লঙ্কামুরা সীমান্তে বিএসএফ’র আউটপোস্টে গ্রামবাসীরা যে বিবরণ দিয়েছে সেই অনুসারে রামধান পাল নামে এক ভারতীয় নাগরিককে অপহরণ করে জোর করে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসা হয়। এ ঘটনার পরপরই বিএসএফ কোম্পানি কমান্ডার জীবন কুমার সহ তিন জন সীমান্তে যান এবং বিডিআর’র কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমস্যার শান্তিপূর্ণ সমাধান না করে বিডিআরসহ সশস্ত্র বাংলাদেশী নাগরিকরা সীমান্তের ৫০ গজ দূর থেকে বিএসএফ’র সদস্যদের ওপর গুলি বর্ষণ করতে শুরু করে। সীমান্তে এ ঘটনার সময় বিএসএফ’র মহাপরিচালক ঢাকায় অবস্থান করছিলেন। সে সময় তিনি বিডিআর’র মহাপরিচালকের সঙ্গে কথা বলেন এবং উভয়ই দ্রুততার সাথে গুলি বিনিময় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্দেশক্রমে সন্ধ্যা ৭টায় বিএসএফ গুলি করা বন্ধ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত বিডিআর গুলি চালানো অব্যাহত রাখে।

বিডিআর ও বিএসএফ’র মধ্যে রাত ৮টা ৪৫মিনিটে একটি সভা অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই ঘটনাটি পর্যালোচনা করেন। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর বাংলাদেশের সীমান্তের ভেতর বিএসএফ’র কনস্টেবল কে কে সুরেন্দ্রানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ত্যাগের পর বিএসএফ’র মহাপরিচালক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ ঘটনাকে উস্কানিমূলক অভিহিত করে তীব্র নিন্দা জানান।