বাজেটে শিশুদের মতামতকে বিবেচনা করা হবে: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আগামী বাজেটে অধিকার রক্ষায় শিশুদের মতামতকে বিবেচনা করার প্রতিশ্র“তি দিয়েছেন।
তিনি শিশুদের প্রতীকি পার্লামেন্ট সেশনের প্রশংসা করে বলেন, এ থেকে জাতীয় সংসদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন এ পার্লামেন্টে একে অপরকে দোষারোপ, কাঁদা ছোড়াছুড়ি ও কোরাম সমস্যার কোন অবকাশ নেই।
মান্নান ভূঁইয়া বিআইবিএম অডিটরিয়ামে আয়োজিত ‘চাইল্ড পার্লামেন্ট ডিসকাসন ২০০৫’ অনুষ্ঠানে প্রতিকী পার্লামেন্ট সদস্যদের সাথে মত বিনিময়কালে এ আশ্বাস ব্যক্ত করেন। বাজেট সেশনকে সামনে রেখে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতের আওতায় এ প্রতীকি পার্লামেন্টের আয়োজন করা হয়।
অষ্ট্রেলিয়ার সেভ দ্যা চিল্ড্রেন এবং বাংলাদেশ প্লান এ দুটি এনজিও’র যৌথ সহযোগিতায় প্রতীকি পার্লামেন্টের আয়োজন করা হয়।
শিশুদের পার্লমেন্টে শফিকুল ইসলামকে স্পীকার, সাইদুর রহমান তমাল ও নার্গিস আক্তারকে ডেপুটি স্পীকার এবং দেশব্যাপি ৪২ টি এনজিও সংস্থার ৬৪ জন সদস্যকে সদস্য করে উক্ত প্রতীকি পার্লামেন্ট গঠন করা হয়। প্রতীকি পার্লামেন্টে স্বাস্থ্য ও শিক্ষাখাতে শিশুদের সঠিক শিক্ষাদানের ব্যাপারে অবহেলা এবং স্বাস্থ্য উন্নয়নে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব নিয়ে পর্যালোচনা করা হয়।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান গত বছর এ ধরনের একটি প্রতীকি পার্লামেন্টে অংশগ্রহন করেছিলেন। সেসময় তিনি বাজেট সেশনের পূর্বেই ক্ষুদে সাংসদদের শিশুদের অধিকার সম্বলিত সুপারিশমালা প্রণয়ন এবং বাজেটের পূর্বে তা সরকারের কাছে উপস্থাপনের আহবান জানিয়েছিলেন।
আয়োজকরা বলেন, রোববারের সেশনে সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষার ওপর বৃত্তির ব্যাপারে পর্যালোচনা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ৯০ শতাংশ বেতন সরবরাহ এবং শিশু অধিকারসহ সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন এসব পদক্ষেপের বাস্তব রূপদান ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবেনা।
