২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের ৫ জেলায় দেড় হাজার কোটি টাকার খাস জমি প্রভাবশালীদের দখলে

লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ৫ জেলায় প্রায় ১৫শ’ কোটি টাকার খাস জমি স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে গেছে। তারা এসব সরকারি সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিনত করে কৃষিকাজ, ব্যবসা বা অন্যান্য কাজে লাগাচ্ছে। অবৈধ ভাবে দখলকৃত এ সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহন করছে না।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

জানা গেছে, জেলায় খাস জমির একটা হিসাব প্রশাসনের কাছে থাকলেও স্থানীয় প্রভাবশালীরা নামে-বেনামে সেসব জমি নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এ সকল খাস জমির সামান্য অংশই সরকারের নিকট থেকে বন্দোবস্ত নেওয়া হয়েছে। বাকী জমি প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন না নিয়েই গায়ের জোরে দখল করা হয়েছে।

জানা যায়, জেলা প্রশাসনের এক শ্রেনীর দুনীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় প্রভাবশালীরা এ সমস্ত খাসজমি তাদের আত্মীয়-সজনদের নামে বন্দোবস্ত নিয়েছে।

সরকারি বিধি অনুযায়ী খাস জমি বন্দোবস্ত নেওয়ার নিয়ম থাকলেও অনেকে খাস জমি দখলে জাল দলিলের আশ্রয় নিয়েছে। আবার অনেকে স্থানীয় প্রশাসনকে হাত করে খাস জমিতে বিভিন্ন মার্কেট নির্মাণ, পুকুর খনন ও বাড়ীঘর তৈরী করছে।

অপর একটি সুত্র জানায়, মূলত যেসব খাস জমি অকৃষি এবং পতিত হিসাবে চিহ্নিত করা হয়েছে সেসব জমিই বেদখলে রয়েছে।

সূত্র আরও জানায় লালমনিরহাটসহ রংপুরে মোট খাস জমি রয়েছে ২০ হাজার ৪শ’ ৮৫ একর। ২০০৪ সাল পর্যন্ত সরকারের অনুমোদনক্রমে ৬ হাজার ৯শ’ ৩৬ একর বন্দোবস্ত দেওয়া হয়। বাকী ১৩ হাজার ৮শ’ ৪৯ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে।

কুড়িগ্রাম জেলায় খাস জমি রয়েছে ১৫ হাজার ১শ’ ৪৮ একর। এর মধ্যে মাত্র ২ হাজার ৩শ’ ৭৫ একর জমি বন্দোবস্ত দেওয়া হলেও ১২ হাজার ৭শ’ ২৫ একর জমি রয়েছে বিত্তবানদের দখলে।

নীলফামারী জেলায় ৭ হাজার ৫শ’ ৫২ একর খাস জমির মধ্যে ৩ হাজার ৫শ’ ৫১ একর  জমি বন্দোবস্ত দেওয়া হয়। বাকী ৪ হাজার একর রয়েছে বেদখলে।

লালমনিরহাট জেলায় ১৪ হাজার ১শ’ ৩০ একর খাস জমির মধ্যে  ৪ হাজার ৮শ’ ৭৭ একর  জমির বন্দোবস্ত দেওয়া হয়। বেদখল হয়েছে ৯ হাজার ১শ’ ৯৯ একর খাস জমি।

সব মিলিয়ে উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী এই ৫ টি জেলায় ৬৫ হাজার ২শ’ ৪৮ একর জমির মধ্যে সরকারিভাবে ২০০৪ সাল পর্যন্ত  বন্দোবস্ত দেওয়া  হয়েছে ২২ হাজার ৪শ’ ৯৯ একর জমি। বাকী জমি প্রভাবশালীদের দখলে। সূত্র জানায় প্রভাবশালীদের দখলে থাকা ৩৭ হাজার ৪শ’ ৫৫ একর খাস জমির মূল্য প্রায় ১৫শ’ কোটি টাকা।

সূত্র আরও জানায় প্রশাসনের এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর যোগ-সাজস থাকায় অবৈধভাবে দখলকৃত খাস জমি উদ্ধার করা সম্ভব  হচ্ছে না।