বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিবনগর দিবস পালিত হচ্ছে
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ও মুজিবনগরসহ সারাদেশে আজ রোববার ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিত হচ্ছে।
আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর ৬ টায় দলের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিমসহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান। সেখানে তিনি কোরান তেলাওয়াত ও মোনাজাত করেন।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মুজিবনগরে সকাল ৯ টায় মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও পৌনে ১০ টায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্মৃতি সৌধ প্রাঙ্গনে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
