দুই দিনের সফরে কাতারের আমীর এখন ঢাকায়
কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি শুক্রবার বিকেলে দুই দিনের সফরে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
বিকেল ৪টা ৫৫মিনিটে জিয়া বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতি ডঃ ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে স্বাগত জানান।
আমীর আল-থানি ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা জন্য আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন ইস্যুতেও তারা মতবিনিময় করবেন।
আমীর শনিবার সকালে প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহমেদের সাথে তার বঙ্গভবনের বাসভবনে সাক্ষাৎ করবেন।
উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে এ সফর কালে ঢাকা ও দোহা একটি সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। এছাড়া দ্বিগুণ ট্যাক্স প্রত্যাহার বিষয়ে, বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় দেশ বিভিন্ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে।
কর্মকর্তারা জানান, বাংলাদেশ কাতারকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে বিনিয়োগের আমন্ত্রণ জানাবে এবং সেদেশে আরও বেশি বাংলাদেশী শ্রমিক নিয়োগের অনুরোধ জানাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের শীর্ষ নেতার এই প্রথম দ্বিপাক্ষিক সফর উভয় দেশের মধ্যে একটি মাইলফলক হয়ে থাকবে।
আল-থানির সঙ্গে সফরে এসেছেন কাতারের প্রথম উপ প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, বানিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী এবং সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
