বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার সুপারিশ
আয়কর কমিশনাররা কর সংক্রান্ত মামলা পরিচালনার জন্য হাইকোর্টের একটি আলাদা বেঞ্চ ও একটি বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতের সুপারিশ করেছেন।
তারা বাণিজ্যিকভাবে পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার প্রস্তাব করেছেন।
‘ট্যাক্স কমিশনার ফোরাম’ এর ব্যানারে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আইআরডি সচিব খায়রুজ্জামান চৌধুরীর সাথে তার কার্যালয়ে এক বৈঠকে আগামী বাজেটের প্রাক্কালে তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
কর আপিল কমিশনার (অঞ্চল-২) আশেক হোসেনের সভাপতিত্বে বৈঠকে উচ্চপদস্থ কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কর কমিশনাররা জমে থাকা কয়েক হাজার আয়কর মামলার নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ গঠনের সুপারিশ করেন।
বৈঠকে রাজস্ব বোর্ডের দুজন সদস্যের একজনকে বোর্ডের বাইরে থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারেও সুপারিশ করা হয়।
কমিশনাররা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে জানান, যদিও ১৯৮৪ সালের আয়কর আদেশে বকেয়া কর আদায়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগদানকে অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। তারা ঢাকার জন্য একজন এবং প্রতিটি বিভাগের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট নিযোগের প্রস্তাব করেন।
কমিশনারদের প্রশ্নের জবাবে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ভ্যাট বিভাগের কর্মকর্তাদের মতো আয়কর বিভাগের কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে যাতে তারা দৃঢ়তার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, সরকার এ বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে।
ইংলিশ মিডিয়াম স্কুলসহ প্রায় ১৭ শ’ কিন্ডারগার্টেন স্কুল ও ৫০ টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে বৈঠকে বলা হয়, বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত এসব প্রতিষ্ঠান মোটা অঙ্কের টিউশন ফি নেযা সত্ত্বেও আয়কর পরিশোধ করে না।
প্রাক-বাজেট বৈঠকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ট্যাক্স কমিশনাররা এসব শিক্ষা প্রতিষ্ঠানকে আয়করের আওতায় নিয়ে আসার সুপারিশ করেন।
