খুলনায় গণপিটুনিতে ২ যুবক নিহত
খুলনায় গণপিটুনিতে দু যুবক নিহত হয়েছে। খান জাহান আলী থানার বিল ডাকাতিয়ার একটি ঘেরে বিষ প্রয়োগ করে বিল থেকে মাছ চুরির অভিযোগে বুধবার ভোরে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর ফুলবাড়ি গেটের রবিউল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৩৮) ও সোনাডাঙ্গা আবাসিক এলাকার সেলিম সরদারের ছেলে কবীর সরদার(৩৫) বিল ডাকাতিয়ার ঘেরে বিষপ্রয়োগ করে মাছ ধরতে যায়। বুধবার ভোরে মাছ ধরার সময় ঘেরের পাহারাদার ও এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় শহীদুলকে বিল ডাকাতিয়ার বাইপাস এলাকা এবং কবীরকে নিউ মাতম ডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে ফেলে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তারা মারা যায়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
