২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামুদ্রিক মৎস অধিদপ্তর নৈরাজ্য বন্ধে নৌ-বাহিনীর সম্পৃক্ততা চেয়েছে

সামুদ্রিক মৎস অধিদপ্তর বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণের ক্ষেত্রে চলমান নৈরাজ্য বন্ধে নৌ-বাহিনীর সহযোগিতা চেয়েছে। সম্প্রতি মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় বলা হয়, সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় শৃংখলা ফিরিয়ে আনতে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সহায়তা প্রয়োজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

অধিদপ্তরের পরিচালক সাব্বির আহমেদ বলেন, উপকূলীয় এলাকার সামুদ্রিক মৎস্য খাতকে সঠিক ব্যবস্থাপনায় আনতে পারলে সরকারের প্রচুর রাজস্ব আয় হবে। কিন্তু অধিদপ্তরের যে অবকাঠামো রয়েছে, তা দিয়ে বিশাল সমুদ্র সীমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই ‘সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা জোরদার প্রকল্পে’ নৌ-বাহিনীর সম্পৃক্ততা প্রয়োজন বলে তিনি  জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজি) হিসেবে ঘোষিত দেশের সমুদ্র সীমা থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মৎস্য আহরণ করা হয়। উপকূলীয় এলাকার ১০টি জেলার ৩০ লাখ মানুষ মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে।

সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বঙ্গোপসাগরে ৫০ হাজার যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান মৎস্য আহরণে নিয়োজিত। এর মধ্যে যান্ত্রিক নৌযানের সংখ্যা ২১ হাজার ছয়টি। কিন্তু অধিদপ্তরের ফিশিং লাইসেন্স নিয়েছে মাত্র তিন হাজার ছয়শ ৬২টি। এখানে প্রায় ছয়শ মৎস্যজীবী সমিতি আছে, যারা কোনও লাইসেন্স না নিয়ে এবং রাজস্ব পরিশোধ না করে মৎস্য আহরণে নিয়োজিত রয়েছে।

বঙ্গোপসাগরে মৎস্য আহরণের ক্ষেত্রে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর ‘সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা জোরদারকরণ’ নামে একটি প্রকল্প হাতে নেয়।

ওই প্রকল্পের আওতায় এ পর্যন্ত কক্সবাজার, বরিশাল ও পটুয়াখালীতে পাঁচটি ক্যাম্প পরিচালনা করা হয়। এসব ক্যাম্পের মাধ্যমে নৌযানগুলো থেকে মাত্র পাঁচ লাখ ৪৯ হাজার টাকা রাজস্ব কর আদায় করা হয়।

এ অধিদপ্তরের সাম্প্রতিক সভায় প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয় এবং এর জন্য সংশ্লিষ্ট জেলার মৎস্য কর্মকর্তাদের দায়ী করা হয়।

উল্লেখ্য, নৌ বাণিজ্য অধিদপ্তর গত মার্চ মাসে ১৪২৭টি মৎস্য নৌযান নিবন্ধন নবায়ন করলেও ফিশিং লাইসেন্স নবায়ন করেছে মাত্র ১১শটি।