২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে যাত্রীদের হয়রানির অভিযোগ

ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন কাউন্টারে উৎকোচ আদায়ের লক্ষ্যে বাংলাদেশী যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে ভারত-ফেরত যাত্রীরা অভিযোগ করেছে। ভারত থেকে ফেরার পথে অধিকাংশ যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে নাজেহাল হতে হচ্ছে। কেড়ে নেয়া হচ্ছে টাকা-পয়সা, ডলার কিংবা সঙ্গে থাকা জিনিসপত্র। প্রতিবাদ করলেই যাত্রীদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

জানা গেছে, চট্টগ্রামের আব্দুল মাবুদ কিডনি চিকিৎসার জন্য ৯ এপ্রিল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যান। কিন্তু হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোষ্ট অতিক্রম করার সময় ঘটে যতো বিপত্তি। ইমিগ্রেশন কর্মকর্তাদের চাহিদা পূরণ না হওয়ায় আব্দুল মাবুদের পিছনে পুলিশের দালাল লেলিয়ে দেওয়া হয়। পেট্রাপোল পেরিয়ে কিছু দূর যাওয়ার পর তার কাছ থেকে ভারতীয় ৩ হাজার ৫শ’ রুপি ও একটি স্বর্ণের চেইন কেড়ে নেয় উক্ত কর্মকর্তারা। প্রতিকারের জন্য আব্দুল মাবুদ পুলিশের শরণাপন্ন হলে ঘটে আরেক বিপত্তি। তার কাছে থাকা শেষ সম্বল ৬শ’ রুপিও তারা রেখে দেয়। পরে চিকিৎসা না করিয়েই আব্দুল মাবুদ পরদিন ১০ এপ্রিল বেনাপোলে ফিরে আসেন।

আব্দুল মাবুদের মতো ঢাকার বিষ্ণুপদ ভৌমিক, অঞ্জলী দাস, অরবিন্দ দেব, শিমুল চন্দ্র প্রমুখের অভিযোগ একই। ভারতে যাওয়ার সময় হরিদাসপুর পুলিশ, ইমিগ্রেশন এবং কাস্টমসকে দিতে হয়েছে ২শ’ থেকে ৫শ’ টাকা। ফেরত আসার সময় বিভিন্ন অজুহাতে তাদের প্রত্যেকের কাছ থেকে জোরপূর্বক রাখা হয়েছে ৫শ’ থেকে ১ হাজার টাকা। বাংলাদেশী পাসপোর্টধারী  যাত্রীরা নো-ম্যানসল্যান্ড পেরুনোর সাথে সাথে কাস্টমস এবং পুলিশের এক শ্রেণীর দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছে।

পুলিশ, কাস্টমস এবং বিএসএফ-এর ভয় দেখিয়ে কাজ না হলে ভিসা জাল এ কথা বলে তাদেরকে হয়রানি করা হচ্ছে।

এদিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মনোজ সরকার গত ২১ ফেব্র“য়ারি চিকিৎসার জন্য ভারত যান। দেশে ফেরার সময় গত ৯ মার্চ ভারতের হরিদাসপুর ইমিগ্রেশনের এক নম্বর কাউন্টারে পাসপোর্ট জমা দিলে কর্তব্যরত ইমিগ্রেশন কর্মকর্তা তার ভিসা জাল বলে ১শ’ রুপি দাবি করে। মনোজ সরকার ভিসার ব্যাপারে চ্যালেঞ্জ করলে ইমিগ্রেশন কর্মকর্তা তার সাথে দুর্ব্যবহার করে এবং দু’ঘণ্টা বসিয়ে রাখে। এক পর্যায়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তার কাছে থাকা ৫০ রুপি জোরপুর্বক রেখে পাসপোর্ট ফিরিয়ে দেয়।

মনোজ সরকার  এ ব্যাপারে সুষ্ঠু বিচারের আশায় গত ২৮ মার্চ ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ।

ভারতের হরিদাসপুরে যাত্রী হয়রানি দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিকার মিলছে না । ফলে বৈধ যাত্রীর সংখ্যাও কমে যাচ্ছে। অন্যদিকে অবৈধ পথে যাতায়াতকারীর সংখ্যা বেড়েই চলছে।